করোনা মুক্তির দোয়া-মোনাজাতে পালিত হলো জুমাতুল বিদা

গতকাল পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার বাংলাদেশের বিভিন্ন মসজিদে জুমাতুল বিদা বা শেষ জুমা যথাযথ ধর্মীয় মর্যাদা ও নিষ্ঠার সঙ্গে পালন করেছেন মুসল্লিরা। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের মসজিদসমূহে জুমার নামাজ আদায় করতে উপচে পড়া ভিড় হয়। মসজিদে মসজিদে বিপুলসংখ্যক মুসল্লি নামাজ আদায় ও দোয়ায় শরিক হন। এ দিন জুমার নামাজ শেষে মহান আল্লাহর দরবারে ক্ষমা ও রহমত কামনা করেন তারা। রমজানের শেষ শুক্রবার খুতবায় বিদায় জানানো হয় আত্মশুদ্ধি ও সংযমের এ মাসকে। খতিবরা জুমার খুতবায় আলোচনা করেন—রমজানের তাত্পর্য ও কোরআন নাজিলসহ ইসলামি জীবনযাপন সম্পর্কে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি মাওলানা মিজানুর রহমান। এছাড়া এ সময় ইসলামিক ফাউন্ডেশনের সব পরিচালক, কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ মুসল্লিরা উপস্থিত ছিলেন। দোয়া করা হয় ভয়াবহ করোনা প্রাদুর্ভাব থেকে বাংলাদেশসহ সারা বিশ্বের সব মানুষের সুরক্ষা, অসুস্থদের দ্রুত আরোগ্য লাভ, মহামারি পরিস্থিতির দ্রুত উন্নতির জন্য।