‘গ্র্যান্ড ডিজাইন’-এর বাংলা রূপান্তরের পাঠ উন্মোচন

পাঠ-উন্মোচিত হলো স্টিফেন হকিংয়ের অনবদ্য ভাষ্য ‘গ্র্যান্ড-ডিজাইন’-এর বাংলা রূপান্তরের। এটি রূপান্তর করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের শিক্ষক, লেখক, গবেষক ড. সেলিম মোজাহার। বইটি স্টিফেন হকিং ও লিওনার্দ  ম্লোদিনোর যৌথভাবে লেখা ‘গ্র্যাান্ড-ডিজাইন’ গ্রন্থের সরাসরি অনুবাদ নয়। একই নামে হকিংয়ের কণ্ঠস্বরে চিত্রিত একটি তথ্যচিত্র ত্রয়ীর বাংলা রূপান্তর এটি। যার মূল উপজীব্য সৃষ্টি, মহাসৃষ্টি, মানব-অস্তিত্ব, মানবজীবন, মানব-জীবনের মানে বা তাত্পর্য ইত্যাদি। বৃহস্পতিবার অনলাইন পাঠ-উন্মোচন অনুষ্ঠানে অতিথি ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের (বিএসি) চেয়ারম্যান ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মেসবাহউদ্দিন আহমেদ। উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক ড. সুশান্ত দাস এবং বাংলা একাডেমির হালিমা শরফুদ্দিন বিজ্ঞান-পুরস্কারপ্রাপ্ত, বিজ্ঞানবক্তা ও বিজ্ঞানবিষয়ক পত্রিকা মহাবৃত্ত সম্পাদক আসিফুর রহমান।

অনুষ্ঠানে ড. সেলিম মোজাহার বলেন, আমি আশা করি কেবল বিজ্ঞান নয়; সাহিত্য-শিল্প-সমাজ-দর্শনসহ জ্ঞানের সব শাখার পাঠকের কাছে বইটি সুখপাঠ্য হবে। বিজ্ঞানবক্তা আসিফ বলেন, এ বইটি বাংলা ভাষার বিজ্ঞান-সাহিত্যে নতুন সংযোজন। অধ্যাপক মেসবাহউদ্দিন বলেন, সাধারণ মানুষের কাছে বিজ্ঞানকে তুলে ধরার ক্ষেত্রে বইটি এক অসাধারণ প্রয়াস।

বইটির প্রকাশক বুকিশ পাবলিকেশন্স ও মনন সংস্কৃতি ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক লেখক গবেষক ড. মাহবুবুল হক। —প্রেস বিজ্ঞপ্তি।