মিতালির গান গেয়ে ন্যানসির অভিনয়

ক্যারিয়ারের প্রায় দুই দশক পার করে এবারই প্রথম অভিনয় করছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি! নায়ক হিসেবে তার বিপরীতে অভিনয় করেছেন ‌‘ঊনপঞ্চাশ বাতাস’খ্যাত অভিনেতা ইমতিয়াজ বর্ষণ। এরমধ্যে শুটিংও শেষ হযেছে।

প্রয়াত আলাউদ্দিন আলীর কথা ও সুরে মিতালি মুখার্জির গাওয়া ‘হারানো দিনের মতো হারিয়ে গেছ তুমি’ বিখ্যাত গানটির সূত্র ধরেই গল্পনির্ভর গানচিত্রটি তৈরি করেছেন নির্মাতা ভিকি জাহেদ।

 
Posted by Nazmun Munira Nancy on Saturday, May 8, 2021

এদিকে ন্যানসির অভিনয়ে নির্মাতা ভিকি জাহেদ মুগ্ধ! তিনি বলেন, ‘অনেকদিন আমি আর মিউজিক ভিডিও করছি না। এই কাজটা করার মূল কারণ কণ্ঠশিল্পী ন্যানসি। কারণ, উনার আর হাবিবের গান শুনেই মূলত আমাদের কলেজ-বিশ্ববিদ্যালয় আর প্রেমের জীবন কেটেছে। ফলে উনাদের প্রতি সেই আবেগটা এখনও আছে। পরে কাজ করতে এসে জানলাম, উনি এর আগে সে অর্থে লিপসিং ছাড়া কিছুই করেননি! একটু টেনশনে পড়লাম। কারণ, যার অভিজ্ঞতা নেই তাকে দিয়ে অভিনয় করানো খুবই কঠিন। বিপরীতে বর্ষণ খুবই ভালো জাতের অভিনেতা। ক্যামেরা অন হওয়ার পর আমার এসব দুশ্চিন্তা কেটে গেল। তার হাসি আর এক্সপ্রেশনে উড়ে গেলাম! আমি তো মনে করি, অভিনয়ে আরও আগেই তাকে কাজে লাগানো দরকার ছিলো।’
 
ভিডিও করার আগে, ইমন চৌধুরীর নতুন সংগীতায়োজনে গানটিতে কণ্ঠ দিয়েছেন ন্যান্সি। চলতি সপ্তাহেই এটি ইউটিউবে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের।

ইত্তেফাক/বিএএফ