সাপ্তাহিক শেয়ারবাজার
ইত্তেফাক রিপোর্ট
করোনা ভাইরাসের সংক্রমণ কমাতে কঠোরতার মধ্যেও শেয়ারবাজারে উত্থান হয়েছে। সপ্তাহ শেষে সূচক ও লেনদেনের সঙ্গে দেশের উভয় এক্সচেঞ্জের বাজার মূলধন ১৩ হাজার কোটি টাকার বেশি বেড়েছে। সেই সঙ্গে সপ্তাহজুড়ে লেনদেনে অংশ নেওয়া বেশির ভাগ শেয়ারদর বেড়েছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, গত সপ্তাহে লেনদেন শুরুর আগে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন ছিল ৪ লাখ ৭০ হাজার ৭১২ কোটি ৭৮ লাখ ৯৫ হাজার ৮০১ টাকা। যা সপ্তাহজুড়ে লেনদেন শেষে বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৭৭ হাজার ৬৫৬ কোটি ৭৩ লাখ ২৬ হাজার ৪৪৫ টাকা। অর্থাত্ সপ্তাহ শেষে পাঁচ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ৬ হাজার ৯৪৩ কোটি ৯৪ লাখ ৩০ হাজার ৬৪৪ টাকা বা ১ দশমিক ৪৮ শতাংশ।
বাজার মূলধনের পাশাপাশি গত সপ্তাহে ডিএসইতে টাকার অংকে মোট লেনদেন বেড়েছে। গত সপ্তাহে পাঁচ কার্যদিবসে ডিএসইর মোট লেনদেন হয়েছে ৬ হাজার ৮০৭ কোটি ৬৭ লাখ ৬০ হাজার ৬২১ টাকা। যেখানে তার আগের সপ্তাহে পাঁচ কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫ হাজার ৩২২ কোটি ১৯ লাখ ৭৫ হাজার ২০৮ টাকা। সে হিসাবে টাকার অংকে ডিএসইর মোট লেনদেন বেড়েছে ১ হাজার ৪৮৫ কোটি ৪৭ লাখ ৮৫ হাজার ৪১৩ টাকা বা ২৮ শতাংশ।
খাতভিত্তিক লেনদেনচিত্রে দেখা যায়, গত সপ্তাহে ডিএসইর মোট লেনদেনের ৩০ দশমিক ২০ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে সাধারণ বিমা খাত। দ্বিতীয় সর্বোচ্চ ১৬ দশমিক ৬০ শতাংশ দখলে নিয়েছে বিবিধ খাত। ৬ দশমিক ৮০ শতাংশ লেনদেনের ভিত্তিতে তৃতীয় অবস্থানে রয়েছে ফার্মাসিউটিক্যালস খাত। ৬ দশমিক ৫০ শতাংশ লেনদেনের ভিত্তিতে চতুর্থ অবস্থানে ছিল আর্থিক খাতের। আর ৬ দশমিক ৪০ শতাংশ লেনদেনের ভিত্তিতে পঞ্চম অবস্থানে রয়েছে বস্ত্র খাত।
দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত সপ্তাহে লেনদেন শুরুর আগে বাজার মূলধন ছিল ৩ লাখ ৯৭ হাজার ৩৫১ কোটি ৭২ লাখ ৪০ হাজার টাকা। যা সপ্তাহজুড়ে লেনদেন শেষে বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৩ হাজার ৩৯৫ কোটি ৯২ লাখ ১০ হাজার টাকা। অর্থাত্ সপ্তাহ শেষে পাঁচ কার্যদিবসে সিএসইর বাজার মূলধন বেড়েছে ৬ হাজার ৪৪ কোটি ১৯ লাখ ৭০ হাজার টাকা বা ১ দশমিক ৫২ শতাংশ।