ইত্তেফাক রিপোর্ট
চতুর্থ শিল্পবিপ্লবের এই সময় বিশ্বের বড় বড় দেশেগুলোর সঙ্গে শিল্পায়ন ও উত্পাদন প্রতিযোগিতায় টিকে থাকতে হলে আধুনিক শিল্পপার্ক স্থাপনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি। তিনি বলেন, প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে করোনা মহামারির এই সময়ও বড় বড় দেশ যেখানে হিমশিম খাচ্ছে, সেখানে আমাদের জীবন ও জীবিকা উভয় সচলের পাশাপাশি শিল্পকারখানাও চালু রয়েছে। দেশের মানুষ একেবারে কর্মহীন হয়ে পড়েনি। বর্তমান সরকার শিল্পবান্ধব বলেই বিগত ১২ বছর ধরে দেশের শিল্পোন্নয়নের জন্য কাজ করছে, আর সে কারণেই আজ দেশে নতুন নতুন শিল্পপার্ক স্থাপিত হচ্ছে। গাজীপুরের শ্রীপুরে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড (ইপিজেএল)-এর এনার্জিপ্যাক ইন্ডাস্ট্রিয়াল পার্কের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে শিল্পমন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে ভার্চুয়াল পদ্ধতিতে অংশ নেন শিল্পমন্ত্রী। স্বাগত বক্তব্য রাখেন ইপিজেএলের ব্যবস্থপনা পরিচালক (এমডি) ও সিইও হুমায়ুন রশিদ। প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী আরো বলেন, করোনা মহামারির মধ্যেও বাংলাদেশ গত বছর জিডিপি ৫ দশমিক ২৪ শতাংশ প্রবৃদ্ধি ধরে রাখতে সক্ষম হয়েছে। বর্তমানে করোনা মহামারির দ্বিতীয় ঢেউ চলছে। জাতীয় অর্থনীতি সচল রাখতে লকডাউনের মধ্যেও স্বাস্থ্যবিধি মেনে বিশেষ ব্যবস্থাপনায় শিল্পকারখানা চালু রাখা হয়েছে, যাতে করে মানুষ কর্মহীন না হয়ে পড়ে।