বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সরকারি পৃষ্ঠপোষকতায় পরিচালিত চাঁপাইনবাবগঞ্জ সরকারি শিশু পরিবারের মেয়েরা দলীয় সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেছে। তাদের গাওয়া সঙ্গীতে উঠে আসে তাদের অধিকারের কথা, দেশের কথা। তাদের পরিবেশিত অনবদ্য নৃত্য ও সঙ্গীত উপস্থিত অতিথিদের মুগ্ধ করে।
গত রবিবার বিকেলে জেলা শহরের স্বরূপনগরে শিশু পরিবার প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক।
জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক নূর মোহাম্মদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, জেলা ক্রীড়া অফিসার আক্তারুজ্জামান রেজা তালুকদার, পৌর কাউন্সিলর ও সরকারি শিশু পরিবারের ব্যবস্থাপনা কমিটির সদস্য মতিউর রহমান মটন মিঞা, সাবেক কাউন্সিলর ও ব্যবস্থাপনা কমিটির সদস্য শরিফা খাতুন বেবী। অনষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক মোছা. আইনিন পারভীন।
উল্লেখ্য, ১৯৭৩ সালে এতিমখানা নামে এসব শিশুদের নিয়ে সরকারিভাবে যাত্রা শুরু হয়। পরে এতিমখানা নামটি বাদ দিয়ে সরকারি শিশু পরিবার (বালিকা) রাখা হয়। এ পরিবারে বসবাসকারীদের বলা হয় নিবাসী। নিবাসী বালিকারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করছে। পাশাপাশি তারা খেলাধুলা ও সাংস্কৃতিক বিষয়ে পারদর্শিতা অর্জন করছে। বর্তমানে এখানে ৯০ জন নিবাসী রয়েছে।