ইস্পাহানি স্কুল অ্যান্ড কলেজে মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজন

কুমিল্লা সেনানিবাসের ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ৫৩তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সেনানিবাসের ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমাণ্ডার মেজর জেনারেল আহম্মদ তাবরেজ শামস চৌধুরী। তিনি বলেন, ‘শুধু পাঠ্য বইয়ের শিক্ষাই নয়, শিক্ষার্থীদের সুকুমার বৃত্তি, মননশীলতা, সৃজনশীলতা বিকাশের মাধ্যমে আদর্শ ও সুস্থ নাগরিক হিসেবে গড়ে তুলতে এ প্রতিষ্ঠান ভূমিকা পালন করছে। পুঁথিগত বিদ্যা মানসিক উত্কর্ষ সাধন করে, আর ক্রীড়াকৌশল সার্বিক উন্নতি আনয়ন করে। স্কুলের শিক্ষার্থীরা যে ক্রীড়া নৈপূণ্য প্রদর্শন করেছে তা সত্যিই উপভোগ্য ও দৃষ্টিনন্দন। তাদের এই পরিবেশনা অভিভাবকদের যেমন করেছে গৌরবান্বিত তেমনি অতিথিসহ উপস্থিত সকলকে করেছে মুগ্ধ।’

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ লে. কর্নেল নাসির উদ্দিন ইকরাম। এর আগে মঙ্গলবার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন ৪৪ পদাতিক ব্রিগেডের কমাণ্ডার ও স্কুলের পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজেদুর রহমান। তিন দিনব্যাপী অনুষ্ঠিত প্রতিযোগিতায় খেলাধুলা ও নাচ-গানসহ ৪০টির বেশি ইভেন্টে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। অনুষ্ঠানটিকে ঘিরে আমন্ত্রিত অতিথি, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও দর্শক-শ্রোতাদের মাঝে উত্সবের আমেজ বিরাজ করে।