‘ন্যাড়া মাথা নিয়ে ঠাট্টা করায় শিশু মহিবুল্লাহকে হত্যা’

নাটোর প্রতিনিধি

নাটোরের গুরুদাসপুরে শিশু মহিবুল্লাহ্র (৭) হত্যা রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। হত্যার অভিযোগে নয়ন (১৩) নামের এক কিশোরকে আটক করা হয়েছে। শনিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার লিটন কুমার সাহা।

পুলিশ সুপার জানান, ন্যাড়া মাথা নিয়ে ঠাট্টা-বিদ্রুপ করা এবং মোবাইল ফোনে গেমস খেলতে না দেওয়ায় শিশু মহিবুল্লাহকে গলা কেটে হত্যার কথা স্বীকার করেছে অভিযুক্ত নয়ন মিয়া। তিনি আরো জানান, হত্যাকাণ্ডের পর পুলিশি তদন্তে বেরিয়ে আসে যে, নয়ন মহিবুল্লাহকে পাখি দেখানোর নাম করে ভুট্টাখেতের মধ্যে নিয়ে যায়। সেখানে প্রথমে শ্বাসরোধে হত্যার চেষ্টা করে ব্যর্থ হয়ে ধারালো অস্ত্র দিয়ে তার ঘাড়ের পেছনে এবং পিঠে আঘাত করে হত্যা করে।

উল্লেখ্য, গত ৬ মে বিকালে সিংড়া উপজেলার ঘটিয়া গ্রামের পল্লী চিকিত্সক ইসহাক আলীর ছেলে মহিবুল্লাহ্ মামার বাড়ি গুরুদাসপুর থেকে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর রাতে উপজেলার সাবগাড়ি এলাকার ভুট্টাখেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।