ভাষা ও সাহিত্য অনুশীলন কেন্দ্রের বৃত্তি প্রদান

ব্রাহ্মণবাড়িয়া সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে গত রবিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া ভাষা ও সাহিত্য অনুশীলন কেন্দ্রের বৃত্তি প্রদান, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘শিক্ষাজীবনকে কাজে লাগিয়ে সবাইকে দেশের যোগ্য নাগরিক হয়ে গড়ে উঠতে হবে। আর শিশু-কিশোরদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে সবাইকে ভূমিকা রাখতে হবে।’

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. হানিফের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবির ও ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর এএসএম শফিকুল্লাহ।

অনুষ্ঠানে সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, সাংবাদিক, সুশিল সমাজের প্রতিনিধি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

স্বাগত বক্তব্য রাখেন ভাষা ও সাহিত্য অনুশীলন কেন্দ্রের সভাপতি এসআরএম ওসমান গণি সজিব। অনুষ্ঠানটি পরিচালনা করেন ভাষা ও সাহিত্য অনুশীলন কেন্দ্রের সাধারণ সম্পাদক আলেয়া জাহান তৃপ্তি।

অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।