রবীন্দ্র গানে অভয়বাণী ছড়ালেন ছায়ানটের শিল্পীরা

ইত্তেফাক রিপোর্ট

রবীন্দ্রনাথ বাঙালির চিরকালের সঙ্গী। সুখে-দুখে বা উত্সবে তিনিই বাঙালির বাতিঘর। সংগ্রামে ও বিপ্লবেও হয়ে আছেন অনুপ্রেরণার উত্স। করোনা মহামারির সময়ে তার গানেই প্রেরণা খুঁজলেন ছায়ানটের শিল্পীরা। গতকাল কবিগুরুর ১৬০তম জন্মদিনে ভার্চুয়াল অনুষ্ঠানে শিল্পীরা গানে গানে অভয় মন্ত্র ছড়িয়ে দিলেন। এ ছাড়া, অনলাইনে আলোচনা ও সংগীত অনুষ্ঠানের আয়োজন করে বিভিন্ন সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠান। যদিও দেশে বর্তমানে করোনা ভাইরাস পরিস্থিতির কারণে কবির জন্মদিন উপলক্ষ্যে সরকারি ও বেসরকারি পর্যায়ে আনুষ্ঠানিকভাবে কোনো অনুষ্ঠান হয়নি। তবে সরকারি ও বেসরকারি বেতার ও টেলিভিশনে কবির স্মরণে বিভিন্ন অনুষ্ঠান প্রচারিত হয়েছে।

ছায়ানটের ‘ধর নির্ভয় গান’: গানের সুরে, কবিতার ছন্দে ও নাচের নান্দনিকতায় সাজানো হয়েছিল ছায়ানটের ‘ধর নির্ভয় গান’ শীর্ষক ভার্চুয়াল আয়োজন। গতকাল রাত ৯টায় ছায়ানটের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত হয় এ অনুষ্ঠান। এক ঘণ্টার এ অনুষ্ঠানে পরিবেশিত হয় ১১টি রবীন্দ্রসংগীত। শুরুতেই শিল্পী সত্যেম দেবনাথ গেয়ে শোনান ‘ভয় হতে তব অভয় মাঝে নতুন জনম দাও হে’ গানটি। এ ছাড়াও শিল্পীরা গেয়ে শোনান ‘সুখহীন নিশিদিন পরাধীন হয়ে আছে’, ‘আপনি অবস হলে তবে বল দিবি তুই কারে’, ‘বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা’  এবং ‘আর নহে, আর নয়, আমি করি নে আর ভয়’সহ কয়েকটি গান। এসব গান গেয়ে শোনান তানিয়া মান্নান, মো. সিফায়েত উল্লাহ, লাইসা আহমদ লিসা, সুতপা সাহা, ফারজানা আক্তার পপি, মোস্তাফিজুর রহমান তূর্য ও সেমন্ত মঞ্জুরী। এ ছাড়া ‘আমি মারের সাগর পাড়ি  দেব’ ও ‘চলো যাই চলো যাই’ গানের সুরে পরিবেশিত হয় দুটি সমবেত নৃত্য। কবিতাপাঠে অংশ নেন জয়ন্ত রায় ও সুমনা বিশ্বাস।

এদিকে, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক অনুষ্ঠান ‘সীমার মাঝে অসীম তুমি’। অনুষ্ঠানে আলোচনায় অংশগ্রহণ করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংসদ সদস্য আসাদুজ্জামান নূর, কথাসাহিত্যিক সেলিনা হোসেন, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ড. পবিত্র সরকার, রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা ও রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সৈয়দ মোহাম্মদ শাহেদ। এ ছাড়া, রবীন্দ্রসংগীত শিক্ষা প্রতিষ্ঠান ‘সুরবিহার’ শত শিল্পীর কণ্ঠে প্রকাশ করেছে ‘ঐ মহামানব আসে’ গানটি। যা বিভিন্ন চ্যানেলে দেখানো হবে।