শিনজিয়াং নিয়ে আলোচনায় না যাওয়ার অনুরোধ চীনের

 ‘এটা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত

অনুষ্ঠান। চীনবিরোধী এই অনুষ্ঠানে

অংশ না নিতে আপনাদের মিশনকে

অনুরোধ করছি আমরা’

  রয়টার্স

শিনজিয়াংয়ে উইঘুর মুসলিম ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর বেইজিংয়ের দমনপীড়ন নিয়ে আলোচনায় জার্মানি, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের আয়োজনে হতে যাওয়া এক ভার্চুয়াল অনুষ্ঠানে যোগ না দিতে জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানিয়েছে চীন। বুধবারের ঐ অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা ছাড়াও হিউম্যান রাইটস ওয়াচ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

জাতিসংঘ, এর সদস্য রাষ্ট্রগুলো এবং সুশীল সমাজ কীভাবে শিনজিয়াংয়ের জাতিগতভাবে তুর্কি সম্প্রদায়টির সদস্যদের মানবাধিকার নিশ্চিতের পক্ষে অবস্থান নিতে পারে, তা নিয়ে আলোচনার উদ্দেশ্যে এই অনুষ্ঠান হচ্ছে বলে আমন্ত্রণপত্রের বরাতে জানা গেছে। চীনের জাতিসংঘ মিশন বুধবারের এই আলোচনায় যোগ না দিতে আহ্বান জানিয়ে বিভিন্ন দেশের কাছে নোট পাঠিয়েছে। রয়টার্স শুক্রবার ঐ নোটটি দেখেছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে। বৃহস্পতিবারের তারিখে লেখা ঐ নোটে চীনের জাতিসংঘ মিশন লিখেছে, ‘এটা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অনুষ্ঠান। চীনবিরোধী এই অনুষ্ঠানে অংশ না নিতে আপনাদের মিশনকে অনুরোধ করছি আমরা।’

কেবল জার্মানি, যুক্তরাষ্ট্র আর যুক্তরাজ্যই নয়, ইউরোপের আরো কয়েকটি দেশের পাশাপাশি অস্ট্রেলিয়া, কানাডাও এই আয়োজনের সঙ্গে সম্পৃক্ত। শিনজিয়াংয়ের মতো চীনের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ, বিভাজন ও অস্থিরতা সৃষ্টি এবং চীনের অগ্রগতিকে বিঘ্নিত করতে এই দেশগুলো মানবাধিকার ইস্যুকে ‘রাজনৈতিক হাতিয়ার’ হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ বেইজিংয়ের। চীনের নোটে বলা হয়েছে, ‘চীনের সঙ্গে দ্বন্দ্ব উসকে দিতে মরিয়া তারা। উসকানিমূলক এই অনুষ্ঠান কেবল আরো দ্বন্দ্বের দিকেই নিয়ে যেতে পারে।’ এ নোটের প্রসঙ্গে জানতে চাইলেও তাত্ক্ষণিকভাবে জাতিসংঘে চীনের মিশনের কাছ থেকে কোনো জবাব পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স।