ইদানীং অনেক দাপ্তরিক চিঠি ইমেইল/নেট সার্ভিসে আদান-প্রদান হচ্ছে। কিছু কিছু সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ইমেইল ব্যবহার না করে ডাক বিভাগ অথবা কুরিয়ার সার্ভিসে অফিসিয়াল চিঠিপত্র দিচ্ছে। এতে অহেতুক সময়ক্ষেপণ হচ্ছে। ফলে সংশ্লিষ্ট প্রেরণকারী কর্তৃপক্ষ চিঠি দিয়ে ক্ষান্ত আর প্রাপক যথাসময়ে চিঠি না পেয়ে প্রেরণকারীর চিঠি মোতাবেক যথাসময়ে উত্তর দিতে না পেরে প্রাতিষ্ঠানিকভাবে ক্ষতিগ্রস্ত। একটি গুরুত্বপূর্ণ দাপ্তরিক চিঠি ২১-৩-২০২১ তারিখে শাহবাগ, ঢাকার স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান থেকে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কুরিয়ার সার্ভিসে প্রেরণ করা হয়। গত ২-৫-২০২১ তারিখে চিঠিটি প্রাপক প্রতিষ্ঠানে পৌঁছায়। এই সময়ক্ষেপণে তথ্য আদান-প্রদান করতে না পারায় প্রতিষ্ঠানের একাডেমিক কার্যক্রম ব্যাহত হয়েছে। ডাকবিভাগ ও কুরিয়ার সার্ভিসের সময়ক্ষেপণ কেন হয় তা কেউ জানতে পারে না। জনগুরুত্বসম্পন্ন এ বিষয়টির প্রতি সংশ্লিষ্ট সবার দৃষ্টি আকর্ষণ করছি।
মো. আনিসুর রহমান ফরাজী
সাতাইশ রোড, টঙ্গী, গাজীপুর