স্পোর্টস ডেস্ক
নেইমার এবং মেসি, একই সঙ্গে কতটা বছর ফুটবল খেলেছেন একই রংয়ের জার্সি গায়ে। নেইমার চলে গিয়েছিলেন পিএসজিতে। রয়ে গিয়েছিলেন বন্ধু লিওনেল মেসি। দুই বন্ধু দুই প্রান্তে থাকলেও মনটা পড়ে থাকত একে অপরের জন্য। একজন যদি দল পরিবর্তন করতেন তাহলে এবার হয়তো এই দুজনকে একই বাড়ানে দেখা যেত। ফুটবল দুনিয়ায় খবর বেরিয়েছিল নেইমার আবার তার বন্ধু মেসির পাশে একই জার্সি গায়ে বল নিয়ে ছুটতে চান। মেসি তার ক্যারিয়ারের শেষটা বার্সেলোনার জার্সি গায়েই টানবেন, এমন ধারণা যাদের, তারা ভেবেছিলেন আবার তাহলে কাতালুনিয়ার ক্লাবটিতে ফিরছেন নেইমার। তবে গতকাল বিখ্যাত ফরাসি দৈনিক লেকিপ যে তথ্য দিল, তাতে নেইমারকে আবার বার্সার জার্সি গায়ে মেসির পাশে দেখার সুযোগ পাওয়া যাচ্ছে না। বর্তমান ক্লাব পিএসজির সঙ্গেই নতুন চুক্তি সেরে ফেলেছেন নেইমার।
স্প্যানিশ দৈনিক মার্কা, গোল ডট কমসহ ইউরোপের নামিদামি সব গণমাধ্যমই লেকিপের বরাত দিয়ে জানিয়েছে, ২০২৫ সাল পর্যন্ত ফ্রান্সের রাজধানীতেই থাকবেন নেইমার। দলবদলের বাজারের নির্ভরযোগ্য সূত্র ইতালিয়ান সাংবাদিক ফাব্রিজিও রোমানো তো আরো এক কাঠি সরেশ। তিনি বলছেন, নতুন চুক্তি অনুযায়ী বেশ মোটা অঙ্কের বেতন পিএসজি থেকে পাবেন এই ব্রাজিলিয়ান তারকা। প্রতি মৌসুমে ২৬ মিলিয়ন পাউন্ড চুক্তি হয়েছে নেইমার ও পিএসজির মধ্যে। এই প্রতিবেদন করা পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা না এলেও, একাধিক সূত্র বলছিল, গতকালের ভেতরই পিএসজি নেইমারের সঙ্গে তাদের নতুন চুক্তির ব্যাপারটি খোলাসা করবে।
বার্সেলোনা থেকে ২০১৭ সালে নেইমারকে একপ্রকারে ছিনিয়েই নেয় বর্তমান ফরাসি চ্যাম্পিয়নরা। সেই চুক্তি অনুযায়ী আগামী বছরের জুন পর্যন্ত পিএসজিতে থাকার কথা ছিল নেইমারের। এ বছর চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল থেকে বিদায়ের পর, লিগ হারানোর শঙ্কায়ও রয়েছে পিএসজি। দলের এই বাজে অবস্থার জেরে নেইমার দল ছাড়বেন অনেকেই ভেবে রেখেছিল তা। নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ার আগে বার্সেলোনার হোয়ান লাপোর্তাও নেইমারের ন্যু ক্যাম্পে ফেরা নিয়ে বেশ আশাবাদী ছিলেন। মেসিকে ক্লাবে ধরে রাখতে তার বন্ধু নেইমারকে ফেরানোর বিকল্প দেখছিলেন না অনেকেই। ক্লাবের আর্থিক দুরাবস্থার মধ্যে তাই পিএসজিকে ৬০ কোটি ইউরোর সঙ্গে আঁতোয়ান গ্রিজমানকে দেওয়ার পরিকল্পনা করেছিল বার্সা। তবে বর্তমান ক্লাবের সঙ্গে নেইমার যদি তার নতুন চুক্তিটা সেরেই ফেলেন, তাতে আশাহত হওয়া ছাড়া করার কিছুই থাকবে না লাপোর্তা, বার্সা আর ক্লাবটির সমর্থকদের।