নতুন করে সম্পর্ক গড়তে ঐকমত্যে পৌঁছেছে সৌদি আরব-পাকিস্তান

নতুন করে সম্পর্ক গড়তে এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি করতে ঐকমত্যে পৌঁছেছে সৌদি আরব এবং পাকিস্তান। সৌদি আরব সফররত পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠকে এই ঐকমত্য হয়। কাশ্মির ইস্যুতে নীতিগত বিরোধের কারণে গত কয়েক মাস ধরে দুই দেশের সম্পর্কে ফাটল ধরেছিল। শুক্রবার জেদ্দার আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে ইমরান খানকে স্বাগত জানান দেশটির কার্যত শাসক যুবরাজ বিন সালমান। খবর ডন ও আলজাজিরার ২০১৮ সালে ক্ষমতায় আসার পর সৌদি আরবে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের তৃতীয় সরকারি সফর এটি। তিন দিনের সফরে দুই দেশের মধ্যে কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা। প্রধানমন্ত্রী ইমরান খান এবং যুবরাজ বিন সালমানের মধ্যে বৈঠকে গতকাল শনিবার কিছু চুক্তি ও এমওইউ স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী, দুই দেশের মধ্যে সমন্বয় করতে ‘সুপ্রিম কো-অর্ডিনেশন কাউন্সিল’ গঠন করা হয়েছে। এছাড়া অর্থনীতি, কৌশলগত অংশীদারিত্ব, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, পরিবেশ এবং গণমাধ্যম বিষয়ক পাঁচটি এমওইউ স্বাক্ষরিত হয়েছে দুই দেশের মধ্যে। সৌদি আরব পাকিস্তানকে কয়েক বিলিয়ন ডলার ঋণ সহায়তা দিয়েছে। কিন্তু গত বছর কাশ্মীর নিয়ে পাকিস্তানের নীতিতে ক্ষুব্ধ হয় সৌদি আরব। দেশটি কাশ্মীর নিয়ে কড়া সিদ্ধান্ত নিয়ে ভারতকে চটাতে চায় না। কারণ ভারত-সৌদি আরবের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার এবং তেল আমদানিকারক।