প্রযুক্তি দিয়ে কালোবাজারি রোধ সম্ভব: রেলপথ মন্ত্রী

রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেছেন, রেলে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কালোবাজারি রোধসহ যাত্রীদের সার্বিক সেবা দেওয়া সম্ভব। বর্তমানে রেলওয়ের বেশ কিছু সেবা অনলাইন ও এসএমএস এর মাধ্যমে প্রদান করা হচ্ছে। প্রস্তাবিত সিস্টেমটি বাস্তবায়িত হলে রেলের সকল সেবা একটি মাত্র প্লাটফর্ম থেকে প্রদান করা যাবে।

রেলপথ মন্ত্রণালয়ের সেবা ডিজিটালাইজেশন করার লক্ষ্যে এক মতবিনিময় সভায় বুধবার মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন এ সব কথা বলেন।

রেলপথ মন্ত্রণালয় ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের যৌথ উদ্যোগে রেলভবনের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক উপস্থিত ছিলেন।

রেলপথ মন্ত্রী বলেন, সুন্দর, আধুনিক, প্রযুক্তি নির্ভর দেশ গড়ার লক্ষ্যে আমরা সম্মিলিতভাবে কাজ করছি। প্রযুক্তি ছাড়া উন্নয়ন সম্ভব নয়। তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রস্তাবিত সিস্টেমটি দ্রুত বাস্তবায়নের বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তর সমূহকে সুনির্দিষ্ট নির্দেশনা প্রদান এবং নীতিগত সিদ্ধান্ত গ্রহণে সকল ধরণের সহযোগিতার আশ্বাস দেন।

সভায় তথ্যপ্রযুক্তি ব্যবহার করে রেলওয়ের বর্তমান সেবাকে আরও জনবান্ধব ও সহজতর করার লক্ষ্যে আইসিটি বিভাগ ও রেলপথ মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে একটি জনবান্ধব সমন্বিত রেলওয়ে ডিজিটাল সার্ভিস প্লাটফর্ম ও মোবাইল এ্যাপ তৈরি ও বাস্তবায়নের বিষয়ে আলোচনা হয়।

আরও পড়ুন: ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে খুন করতে ট্রাম্পের নির্দেশ!

বাংলাদেশ রেলওয়ের সকল সেবাকে একটি মোবাইল এ্যাপের মাধ্যমে দ্রুত সময়ে ও সহজে জনগণের হাতে পৌঁছে দেওয়ার জন্য সর্বাধুনিক প্রযুক্তির বিভিন্ন দিক নিয়েও মতবিনিময় করা হয়।

সভায় রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. মোফাজ্জেল হোসেন, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক কাজী মো. রফিকুল আলম, এটুআই-এর প্রকল্প পরিচালক মো. মোস্তাফিজুর রহমান, দুই মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/এমআই