গৌরীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও ইউসিসিএ লিমিটেডের চেয়ারম্যান মাসুদুর রহমান শুভ্র হত্যা মামলার বাদী আবিদুর রহমানের ওপর হামলার অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। গত শুক্রবার বিকালে আবিদুর রহমান বাদী হয়ে গৌরীপুর থানায় মামলাটি দায়ের করেন।
এই মামলায় আসামি করা হয়েছে গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম, মইলাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াদুজ্জামান রিয়াদ, পৌর যুবলীগের সভাপতি মেহেদি হাসান মিথুনসহ ২৬ জন ও অজ্ঞাতনামা ১০/১২ জন। গত বৃহস্পতিবার রাতে আবিদুর রহমান উপজেলার মিরিকপুর গ্রামে একজন অসুস্থ্য রোগী দেখতে যান। রোগী দেখে বাসায় ফেরার পথে পৌর শহরের কালীপুর মধ্যম তরফ এলাকায় আবিদুর রহমানের ওপর হামলা করা হয়। এসময় চারটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
শুভ্রর পরিবারের অভিযোগ, শুভ্র হত্যা মামলার অভিযোগপত্রে পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলামের নাম থাকায় তার লোকজন আবিদুর রহমানের ওপর হামলা করে মোটরসাইকেল ভাঙচুর করেছে। এদিকে হামলার ঘটনায় জড়িত সন্দেহে বৃহস্পতিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে পৌর যুবলীগের সভাপতি মেহেদি হাসান মিথুন (৩৭), মো. আনিছ (৪০), প্রদীপ বাগচী (৩৭), মো. শহীদুল ইসলাম শহীদ (৩২), শ্যামল সরকারসহ (২৮) পাঁচ জনকে আটক করেছে। পরে তাদের মামলায় গ্রেফতার দেখানো হয়।