আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি স্কুলে বোমা বিস্ফোরণে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই ছাত্রী। আহতও হয়েছেন অনেকে। আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি এই হামলার জন্য তালেবানকে দায়ী করেছেন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, স্কুলেই একাধিক বোমা হামলার ঘটনা ঘটেছে। তবে আলজাজিরা জানিয়েছে, স্কুলে কাছে বোমা হামলা হয়।
আফগান স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান জানিয়েছেন, বিস্ফোরণের পরই অ্যাম্বুলেন্স ছুটে আসে। স্থানীয়রাও উদ্ধারকাজে সহায়তা করছেন। শিয়া অধ্যুষিত এলাকা দাশত-ই-বারসি এলাকার সৈয়দ আল-শাহদা স্কুলে বিস্ফোরণের ঘটনা। হতাহতদের বেশিরভাগই ক্লাস শেষ করে বেরিয়ে আসা ছাত্রী বলে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন। ওই স্কুলে তিন শিফটে ক্লাস হয়ে থাকে। যার মধ্যে দ্বিতীয় শিফটে ছাত্রীদের ক্লাস-পরীক্ষা নেওয়া হয়। আরিয়ান জানান, অন্তত ৫২ জন হামলায় আহত হয়েছেন। তবে বিস্ফোরণের কারন সম্পর্কে তিনি কিছু জানাননি।
শনিবারের হামলার পেছনে তালেবানকে দায়ী করে প্রেসিডেন্ট আশরাফ ঘানি এক বিবৃতিতে বলেন, তালেবানরা যুদ্ধ ও সহিংসতা ক্রমেই বাড়িয়ে দিয়েছে। এর মাধ্যমে প্রমাণ হয়, তারা শান্তিপূর্ণভাবে সংকট সমাধানে রাজি নয়। পরিস্থিতিকে জটিল করে তুলতে তারা নতুন করে সহিংস হয়ে উঠছে। তবে কোনো গোষ্ঠী এখন পর্যন্ত এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি। তালেবানও এই হামলার নিন্দা জানিয়েছে। এর পেছনে তারা দায়ী নয় বলেও দাবি করেছে সংগঠনটি।