নোয়াখালীর কোম্পানীগঞ্জে কাদের মির্জার অনুসারী ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও বাস ভাঙচুরের ঘটনায় দুটি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় পুলিশ কাদের মির্জার তিন অনুসারীকে গ্রেফতার করেছে। গতকাল দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তারা হলেন: বসুরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের রামদী গ্রামের দুলালের ছেলে নূর মোহাম্মদ রানা (৩২), ৬ নম্বর ওয়ার্ডের চৌধুরী বাড়ির মৃত নূর নবীর ছেলে সাইফুল ইসলাম সাহেদ (৪৮) ও সিরাজপুর ২ নম্বর ওয়ার্ডের বড় রাজাপুর গ্রামের মৃত মোস্তফার ছেলে মাসুদুর রহমান (৪২)।
কোম্পানীগঞ্জ থানার ওসি মীর জাহেদুল হক রনি বলেন, শুক্রবার দুপুরে সাবেক এমপি নাছের চৌধুরী বাড়ির কাছে হামলার ঘটনায় কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল বাদী হয়ে ৪৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১২ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। অপরদিকে শুক্রবার সন্ধ্যায় বসুরহাট বাস টার্মিনালে ড্রিম লাইন পরিবহনের পাঁচটি বাস ভাঙচুরের ঘটনায় পরিচালক সাইফুল ইসলাম সওদাগর বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করে মামলা করেছে।
প্রসঙ্গত, কোম্পানীগঞ্জে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার সঙ্গে স্থানীয় আওয়ামী লীগের নেতাদের বিরোধ চলে আসছে। এ নিয়ে সংঘর্ষে সাংবাদিক মুজাক্কির ও শ্রমিক লীগ নেতা আলাউদ্দিন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। আহত ও পঙ্গু হয়েছেন আরো শতাধিক নেতাকর্মী।