ভারতের প্রতিবেশি হয়েও করোনা নিয়ন্ত্রণে সফল, দেশটিতে মৃত্যু মাত্র ১

পৃথিবীর সবচেয়ে সুখী দেশের মধ্যে ভুটান অন্যতম। এশিয়ার এই ছোট্ট দেশটিতে মহামারি করোনায় আক্রান্ত হয়ে এখন অবধি মাত্র ১ জনের মৃত্যু হয়েছে। অথচ প্রতিবেশি বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও নেপালে ভাইরাসটি ভয়াবহ আকার ধারণ করেছে। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। এমনকি গত বছরের মার্চে প্রথম করোনা শনাক্ত হলেও এখন পর্যন্ত দেশটিতে ভাইরাসে আক্রান্ত হয়েছেন মাত্র ১ হাজার ২০২ জন। ওয়াল্ডওমিটার থেকে এ তথ্য জানা গেছে।

২০১৯ সালের ৩১ ডিসেম্বর চীনে প্রথমবারের মতো কোভিড-১৯ ধরা পরে। আর ভুটানে ভাইরাসটিতে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৬ মার্চ। অবশ্য তার আগেই ১৫ জানুয়ারি থেকে দেশটিতে করোনা পরীক্ষা শুরু হয়। প্রথম শনাক্তের পরবর্তী ৬ ঘণ্টা ১৮ মিনিটের মধ্যে রোগীর সংস্পর্শে আসা অন্তত ৩০০ জনকে পরীক্ষার আওতায় আনা হয়েছিল। পাশাপাশি তাদের সবাইকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়। এভাবেই ভুটানে মহামারিটি সফলভাবে নিয়ন্ত্রণ করে রাখা সম্ভব হয়েছে।

দেশটিতে করোনায় আক্রান্ত রোগীর প্রথম ও একমাত্র মৃত্যু ঘটে গত বছর সংক্রমণের শুরুর দিকে। রাজধানী থিম্পুর হাসপাতালে করোনা আক্রান্ত এক যুবকের একাধিক অঙ্গ বিকল হয়ে মৃত্যু হয়। এরপর থেকে ভাইরাসটিতে আক্রান্ত আর কোনো রোগীর মৃত্যু দেখেনি তারা। এখন অবধি সুস্থ হয়েছেন ১ হাজার ৬৫ জন। বর্তমানে দৈনিক সংক্রমণ হচ্ছে মাত্র ১০-১১ জন করে।

আনন্দবাজার জানিয়েছে, ভুটানে পুরো দেশজুড়ে চিকিৎসক আছেন মাত্র ৩৩৭ জন ও স্বাস্থ্যকর্মী ৩ হাজার। এত অল্প সংখ্যক যোদ্ধা নিয়েও করোনা জয় করতে পারার পেছনে অন্যতম কারণ দেশটির প্রশাসনিক পরিকল্পনা। তারা শুরু থেকেই স্বাস্থ্যখাতে বিশেষভাবে জোর দিয়েছে। ফলে ভাইরাসটি তাদের দেশে তেমন ছড়াতে পারেনি।

ইত্তেফাক/টিএ