নির্দেশনা অমান্য করে সোহরাওয়ার্দী উদ্যানে উন্নয়নকাজের জন্য স্থাপনা তৈরি ও গাছ কাটায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের এক সচিবসহ তিন কর্মকর্তার বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করা হয়েছে। একইসঙ্গে গাছ কাটা বন্ধ করে রেস্টুরেন্টের কার্যক্রম স্থগিত এবং যে নকশার ভিত্তিতে এ কার্যক্রম করা হচ্ছে তা আদালতে দাখিল করার নির্দেশনা চাওয়া হয়েছে। রবিবার (৯ মে) হাইকোর্টে এ আবেদন করা হয়।
এর আগে গত বৃহস্পতিবার ৪৮ ঘণ্টার সময় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের এক সচিবসহ তিন কর্মকর্তাকে ইমেইল যোগে নোটিশ পাঠানো হয়। নোটিশ পাওয়া এই তিন কর্মকর্তা হলেন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ, গণপূর্ত বিভাগের প্রধান প্রকৌশলী মো. শামিম আখতার এবং চিফ আর্কিটেক্ট মীর মনজুর রহমানকে ইমেইল যোগে নোটিশ পাঠানো হয়েছিল।
সোহরাওয়ার্দী উদ্যানের বিশেষ গুরুত্বপূর্ণ স্থাপনা সংরক্ষণের নির্দেশনা চেয়ে ২০০৯ সালে একটি রিট পিটিশন দায়ের করা হয়। সেই রিটের প্রেক্ষিতে বিচারপতি এবিএম খায়রুল হক ও বিচারপতি মো. মমতাজ উদ্দিন আহমেদ এ বিষয়ে বেশ কিছু নির্দেশনা দেন। সেই নির্দেশনার ওপর ভিত্তি করেই উদ্যানের মধ্যে ব্যবসায়িক স্বার্থে রেস্টুরেন্ট/দোকান প্রতিষ্ঠার জন্য পরিবেশ ধ্বংস কিংবা গাছ কাটাকে রায়ের সম্পূর্ণ পরিপন্থী বলে এ কার্যক্রম বাতিল করার জন্য বলেছেন আদালত। অন্যথায় আদালত অবমাননার অভিযোগ দায়ের করা হবে বলেও উল্লেখ করা হয়।
ইত্তেফাক/জেডএইচডি