কুমিল্লায় সেনাবাহিনীর খাদ্য উপহার পেল শতাধিক পরিবার

কুমিল্লা প্রতিনিধি

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে লকডাউনে কর্মহীন হয়ে পড়া শতাধিক অতিদরিদ্র ও দুস্থ পরিবারের মধ্যে কুমিল্লা সেনানিবাসের ৩৩ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় খাদ্য উপহারসামগ্রী প্রদান করা হয়েছে। রবিবার সকাল ১০টায় জেলার আদর্শ সদর উপজেলার কমলাপুর বালিকা উচ্চবিদ্যালয় মাঠে এ খাদ্যসহায়তা প্রদান করা হয়। কুমিল্লা সেনানিবাসের ৩৮ বীরের মেজর সাদীকুর রহমানসহ অন্যরা ঐ এলাকার মোট ১০৩টি পরিবারের মধ্যে চাল, ডাল, চিনি, তেল, আটা, ছোলা, লবণসহ বিভিন্ন খাদ্যদ্রব্যসামগ্রী বিতরণ করেন। অনুষ্ঠানে মেজর সাদীকুর রহমান বলেন, দেশের সব ক্রান্তিকালে বাংলাদেশ সেনাবাহিনী এগিয়ে এসেছে। সেনাবাহিনীর পক্ষ থেকে অতীতের মতো আগামী দিনগুলোতেও অসহায় মানুষের জন্য মানবিক সহায়তা প্রদানের কার্যক্রম অব্যাহত থাকবে। গত ৩ মে থেকে মানবিক সহায়তার আওতায় কুমিল্লা সেনানিবাসের ব্যবস্থাপনায় ইতিমধ্যে ৪৫৫টি পরিবারকে ত্রাণসহায়তা প্রদান করা হয়েছে।