শিবচরে সংঘর্ষে যুবকের মৃত্যু

গ্রেফতার ৪

শিবচর (মাদারীপুর) সংবাদদাতা

শিবচরে শনিবার রাতে সংঘর্ষে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম রাকিব খালাসি (২৪)। উপজেলার দত্তপাড়া ইউনিয়নের আর্য্য দত্তপাড়া গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে। এ ঘটনায় চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার দত্তপাড়া ইউনিয়নের আর্য্য দত্তপাড়া গ্রামের ফারুক খালাসির ছেলে তাওসিফ (১২) পার্শ্ববর্তী মঙ্গল হাওলাদারের আমগাছে ঢিল ছোড়ে। এ নিয়ে বিকালে কথা কাটাকাটি হয়। ঐ সূত্র ধরে রাত ৮টার দিকে মঙ্গল হাওলাদারসহ ৮/১০ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাওসিফদের বাড়িতে হামলা চালায়। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এক পর্যায়ে তাওসিফের ভাই রাকিব খালাসিকে কুপিয়ে গুরুতর আহত করে। সংঘর্ষে রাকিবের মা এবং আরো তিন জন আহত হন। রাকিবসহ আহতদের উদ্ধার করে প্রথমে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রাকিব ও তার মা রবি বেগমকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে রাকিবের মৃত্যু হয়। সংঘর্ষের সত্যতা নিশ্চিত করে শিবচর থানার ওসি মো. মিরাজ হোসেন বলেন, নিহতের বাবা ফারুক খালাসি বাদী হয়ে হত্যা মামলা করেছেন। এ ঘটনায় এজাহারভুক্ত চার জনকে গ্রেফতার করা হয়েছে।