কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা
মহান মে দিবসের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে চা-শ্রমিক সংঘ মৌলভীবাজার জেলা কমিটির উদ্যোগে আলোচনা সভায় চা-শ্রমিকদের দৈনিক ৬৭০ টাকা মজুরি ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার দাবি জানানো হয়েছে। রবিবার কমলগঞ্জ উপজেলার শমসেরনগরে অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এ দাবি জানানো হয়। সভায় অতিথি ছিলেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এনডিএফ মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি কবি শহীদ সাগ্নিক, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ জেলা কমিটির সভাপতি মো. নুরুল মোহাইমীন প্রমুখ। বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, বর্তমানে চাল, ডাল, পেঁয়াজ, তেল, আলুসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দৈনিক মাত্র ১২০ টাকা মজুরিতে সংসার চলা দায়। এ অবস্থায় সরকার গঠিত ন্যূনতম মজুরি বোর্ডের মাধ্যমে বর্তমান বাজারদরের সঙ্গে সংগতিপূর্ণভাবে দৈনিক ৬৭০ টাকা মজুরিসহ চা-শিল্পে নৈমিত্তিক ছুটি কার্যকর ও অর্জিত ছুটি প্রদানে বৈষম্যসহ শ্রম আইনের বৈষম্য নিরসন করে গণতান্ত্রিক শ্রমআইন প্রণয়ন এবং সাপ্তাহিক ছুটির দিনে মজুরি ও উত্সব বোনাস প্রদানে সকল অনিয়ম বন্ধ প্রভৃতি দাবি জানানো হয়।