সংবাদ সংক্ষেপ

অসহায় পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী ও ঈদ উপহার বিতরণ

বরিশাল অফিস আমার বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগে বরিশালের ৫০০ অসহায় পরিবারের মধ্যে রবিবার খাদ্যসামগ্রী ও ঈদ উপহার বিতরণ করা হয়েছে। কর্ণকাঠীতে ফাউন্ডেশনের নিজস্ব কার্যালয়ে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা বাবুল গাজী, আমার বাংলাদেশ ফাউন্ডেশনের নির্বাহী সদস্য ও ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজের জনসংযোগ কর্মকর্তা মো. মেহেদী হাসান প্রমুখ।

উপকারভোগীর মধ্যে নগদ অর্থসহায়তা প্রদান

সুনামগঞ্জ প্রতিনিধি ঈদকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে সুনামগঞ্জ পৌরসভার উপকারভোগী ৪ হাজার ৬২১ জনের প্রত্যেককে ৪৫০ টাকা করে মোট ২০ লাখ টাকা নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। রবিবার দুপুরে সুনামগঞ্জ পৌরসভার উদ্যোগে পৌর চত্বরে নগদ অর্থ সহায়তা প্রদান করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ও পৌরসভার মেয়র নাদের বখত। এ সময় উপস্থিত ছিলেন পৌরসচিব ইসহাক ভূঁইয়া, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মীর মোশারফ হোসেন প্রমুখ।

৮৫ হাজার পরিবারের জন্য ভিজিএফের অর্থ বরাদ্দ

জয়পুরহাট প্রতিনিধি ঈদুল ফিতর উপলক্ষ্যে ২০২০-২০২১ অর্থবছরের ভিজিএফের আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় জয়পুরহাটে ৮৫ হাজার ৬৯৭ পরিবারের জন্য ৩ কোটি ৮৫ লাখ ৬৩ হাজার ৬৫০ টাকা বরাদ্দ করা হয়েছে। এরই মধ্যে এ টাকা প্রদান কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে রয়েছে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আব্দুল করিম জানান, সরকার করোনা প্রাদুর্ভাবের কারণে ক্ষতিগ্রস্ত ও কর্মহীন সাধারণ পরিবারসহ অতিদরিদ্র, অসহায় ও দুস্থ পরিবারগুলোর মধ্যে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে ভিজিএফের আর্থিক সহায়তা বিতরণের সিদ্ধান্ত গ্রহণ করে। এরই মধ্যে ঐ টাকা বিতরণ কার্যক্রম শেষ পর্যায়ে রয়েছে বলেও জানান তিনি।

ধান ও গম সংগ্রহ অভিযান উদ্বোধন

উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা উলিপুরে সরকারিভাবে চলতি মৌসুমে কৃষকদের কাছ থেকে অভ্যন্তরীণ বোরো ধান ও গম সংগ্রহ অভিযান রবিবার উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে খাদ্যগুদাম চত্বরে কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন। উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর-এ-জান্নাত রুমির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উলিপুর পৌরসভার মেয়র মামুন সরকার মিঠু ও উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম।

এতিমরা পেল ঈদসামগ্রী

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা নবীনগরের পশ্চিমপাড়া শামসুল উলুম হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা ও আলীয়াবাদ মোহাম্মদিয়া (স.) হাফিজীয়া মাদ্রাসা এতিমখানার ছাত্রদের মধ্যে ঈদসামগ্রী বিতরণ করা হয়। নবীনগর ইয়ুথ অ্যাসোসিয়েশনের উদ্যোগে রবিবার উপজেলা পরিষদ মিলনায়তনে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামূল ছিদ্দিক।

পরিবহন শ্রমিকরা পেলেন ত্রাণ

নিয়ামতপুর (নওগাঁ) সংবাদদাতা নিয়ামতপুরে করোনা ভাইরাসের কারণে কর্মহীন দরিদ্র ও অসহায় ট্রাক, ট্যাংকলড়ি ও কাভার্ড ভ্যানের ১০০ শ্রমিকের মধ্যে রবিবার ত্রাণ বিতরণ করা হয়েছে। নওগাঁ জেলা ট্রাক, ট্যাংকলড়ি, কাভার্ড ভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়ন এবং শ্রম ও কল্যাণ উপকমিটি নিয়ামতপুর শাখার উদ্যোগে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

কাঠালিয়ায় শাড়ি ও লুঙ্গি বিতরণ

কাঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা কাঠালিয়ায় দুস্থ ও অসহায়দের মধ্যে রবিবার শাড়ি এবং লুঙ্গি বিতরণ করা হয়েছে। ঈদুল ফিতর উপলক্ষ্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আবুল কাসেম সীমান্তর অর্থায়নে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এসব ঈদ উপহারসামগ্রী বিতরণ করা হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমান উজির সিকদার কেন্দ্রীয় নেতা সীমান্তের পক্ষে এসব বিতরণ করেন।

 

 

০