ডমিঙ্গোর দুর্ভাগ্য

স্পোর্টস রিপোর্টার

চলতি বছরের আগস্টে রাসেল ডমিঙ্গোর সঙ্গে বিসিবির দুই বছরের চুক্তি শেষ হবে। তার চুক্তি নবায়ন হবে কি না, বলা কঠিন। গেল কয়েক সিরিজে বাংলাদেশ দলের বাজে পারফরম্যান্সের কারণে সমালোচনার মুখে পড়তে হয়েছে প্রোটিয়া এই কোচকে। টিম লিডার করে খালেদ মাহমুদ সুজনকে শ্রীলঙ্কা সফরে পাঠানো হয়েছিল ডমিঙ্গোর কাজ পরখ করতে। দেশে ফিরে বিসিবির এই পরিচালক বললেন, কোচ চেষ্টা করছেন, কাজ করছেন, কিন্তু ফল আসছে না।

তবে দোষের সংস্কৃতিতে না গিয়ে ডমিঙ্গোর পাশেই থাকছেন সুজন। লঙ্কা সফরে হেড কোচের কাজ দেখার অভিজ্ঞতা সম্পর্কে গতকাল সাবেক এ অধিনায়ক বলেছেন, ‘একটা কোচতো জিততে চায়, সে চাইবে যত ভালো ফল সে এনে দিতে পারে। সে চেষ্টা করছে কিন্তু হয়তো তার দুর্ভাগ্য, হচ্ছে না। তবে আমি বলবো ট্রেনিং খারাপ হচ্ছে, সত্যি কথা এমন না। আমাদের কিছু ভুল হচ্ছে, হয়তো পরিকল্পনাতেও কিছু ভুল আছে আমি এটা অস্বীকার করব না।’

ক্রিকেটারদের সঙ্গে ডমিঙ্গোর যোগাযোগ বাড়াতে হবে বলে মনে করেন সুজন। তিনি বলেছেন, ‘আমি মনে করি আরো কমিউনিকেটিভ হতে হবে। আমি জানি না কতদিন সে থাকবে বা কি বিষয়, এটাতো আসলে বোর্ডের ব্যাপার। এটা নিয়ে আমার কথা বলাটা একদমই অনুচিত। কারণ ওর সঙ্গে তো বোর্ডের একটা চুক্তি আছে। কিন্তু আমি যতটুকু ওকে কাছ থেকে দেখেছি আমি বলব সে কাজ করে, সে ছেলেদের উত্সাহী করে।’ তবে হেড কোচকে দোষ দিতে নরাজ সুজন। তিনি বলেন, ‘পরিকল্পনার সঠিক প্রয়োগ হয়, অনেক সময় হয় না। সেটা দিয়ে আপনিতো তাকে দোষ দিতেও পারেন না। সুতরাং আমি বিতর্কে যেতে চাই না।’ অতীত ভুলে সবাইকে নিয়ে হোম সিরিজে কাজ করার দিকেই মনোযোগী সুজন।