দর্শকদের চাওয়াটা আমাদের বোঝা উচিত

 

উপস্থাপনার পাশাপাশি অভিনয় ও মডেলিংয়ে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে শান্তা জাহান। ঈদের ব্যস্ততা, অভিনয় ও উপস্থাপনার বিভিন্ন দিক নিয়ে তিনি কথা বললেন বিনোদন প্রতিদিনের সঙ্গে। সাক্ষাত্কার নিয়েছেন এ এম রুবেল

বর্তমান ব্যস্ততা প্রসঙ্গে চাই—

ব্যস্ততা বলতে, আসছে ঈদে এটিএন বাংলা, চ্যানেল নাইন ও আরটিভিতে তিনটি অনুষ্ঠান উপস্থাপনা করছি।

করোনার সময় অনেকেই ঝুঁকি নিয়ে কাজ করছেন। বিষয়টি কীভাবে দেখছেন?

আসলে যারা প্রতিদিন কাজ করে দিন চালায়, আমরাও কিন্তু অনেকটা তাদের মতোই। কারণ এটাই যেহেতু আমাদের পেশা সেহেতু জীবিকার স্বার্থে ঝুঁকি থাকলেও কাজ করতে হবে। তবে সাবধানতা ও স্বাস্থ্যবিধি মেনেই সবার কাজ করা উচিত।

আপনি উপস্থাপনার পাশাপাশি অভিনয় ও মডেলিং করছেন। এটা কী ক্যারিয়ার সংকটের কারণে?

একদমই ক্যারিয়ার সংকটে না। শুরু থেকেই আমি নিয়মিত উপস্থাপনা করছি। নাটকের কাজ খুব কাছের মানুষের অনুরোধে করি।

দেশের প্রেক্ষাপটে উপস্থাপনায় ক্যারিয়ার গড়া কতটা ইতিবাচক বলে মনে করেন?

উপস্থাপনায় ক্যারিয়ার গড়ার সুযোগ ছিল বলেই এটাকে আমি পেশা হিসেবে নিয়েছি। আর বর্তমান অবস্থা তো উপস্থাপনায় ক্যারিয়ার গড়ার জন্য খুবই উপযোগী। এখন লক্ষ্য করলে দেখবেন অনেকেই উপস্থাপনাকে ক্যারিয়ার হিসেবে বেছে নিচ্ছেন এবং ভালো করছেন।

নারী উপস্থাপকের চেয়ে ছেলে উপস্থাপকের সংখ্যা তুলনামূলক কম হওয়ার কারণ কী বলে মনে করেন?

আমরা যেমন টেলিভিশনকে লক্ষ্য রেখে কাজ করে যাচ্ছি। ছেলেরা কিন্তু তেমনটা করে না। তারা অন্য একটি কাজের পাশাপাশি উপস্থাপনা করতে চান। ফলে তাদের সিডিউল মেলানো কঠিন হয় বলে অনেকেই তাদের ডাকতে চান না। আবার গ্লামারেরও একটি বিষয় আছে। আমার মনে হয় ছেলেরা যদি লুক ও ভঙ্গির পরিবর্তন করেন তাহলে ভালো করা সম্ভব। দর্শকদের চাওয়াটা আমাদের বোঝা উচিত!

এখন পেশাদার উপস্থাপকের জায়গায় অনেক তারকা বা কাজ না জানাদের দিয়ে উপস্থাপনা করানো হয়। এ নিয়ে কী মন্তব্য করবেন?

এটার ঘোর বিরোধী আমি। আমরা সবসময় চ্যানেলকে সাপোর্ট দিয়ে আসি, কিন্তু বিশেষ দিবসে যখন দেখি এমন একজনকে দিয়ে উপস্থাপনা করানো হচ্ছে তখন খুব খারাপ লাগে। এতে করে উপস্থাপনার প্রতি অনেকেই আগ্রহ হারিয়ে ফেলেন।

অনেকেই বলেন নতুনরা কাজের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। এ নিয়ে কী বলবেন?

এখানে নতুন আর পুরনো বলতে কোনো কথা নেই। নিজেকে প্রমাণ না করতে না পারলে নতুন-পুরনো যে-ই হোক, ঝরে যাবে। টিকে থাকলে হলে সবাইকেই পরিশ্রম, সততা আর সিডিউল ঠিক রেখে কাজ করতে হবে। তাছাড়া এখন নতুনদের কাজের অনেক সুযোগ রয়েছে।