ঈদে হাসান জাহাঙ্গীরের নির্মাণ ও অভিনয়ে একাধিক নাটক

 

 বিনোদন রিপোর্ট

 

জনপ্রিয় নির্মাতা ও অভিনেতা হাসান জাহাঙ্গীর প্রতি ঈদেই একাধিক নাটক নিয়ে দর্শকের সামনে হাজির হন। এবারো নিজের রচনা, পরিচালনা ও অভিনয়ে বৈশাখী টিভিতে প্রচার হবে ‘আমার বউ সেলিব্রেটি’ শিরোনামের একটি নাটক। এছাড়া ‘ভাড়াটে প্রেমিক’, ‘তুমি অন্যরকম ছেলে’ ও ‘কনফিডেন্স’সহ বেশ কয়েকটি ঈদের নটিকে অভিনয় করেছেন তিনি। ঈদ ব্যস্ততা প্রসঙ্গে হাসান জাহাঙ্গীর বলেন, ‘প্রতি ঈদে ৮-১০টি নাটক পরিচালনা করলেও করোনার কারণে এবার একটি নাটকই পরিচালনা করেছি। নাটকটিতে অভিনেত্রী শিমলার বিপরীতে আমি অভিনয়ও করেছি। একজন সেলিব্রেটির সঙ্গে গ্রামের সহজ-সরল এক যুবকের সম্পর্ক নিয়ে নাটকটির গল্প। আশা করছি ঈদে নাটকটি বাড়তি আনন্দ যোগ করবে।’ এছাড়া রোজার ঈদের পর তিনি ৩টি সিনেমা নির্মাণের কাজ শুরু করবেন। ‘ট্রল’, ‘রিজিক’ ও ‘সেলফি হিরো’ শিরোনামের এই সিনেমাগুলো ভিন্ন ঘরানার হবে বলে জানান জাহাঙ্গীর। তিনি বলেন, ‘চলচ্চিত্রের এই সংকটকালে নির্মাণে আসা অনেকটাই ঝুঁকির। তারপরও কাউকে না কাউকে তো এগিয়ে আসতেই হবে। অ্যাকশন ও কমেডি অ্যাকশন ঘরানার এই সিনেমাগুলো বড় বাজেটের এবং জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীকে দিয়ে কাজ করাবো। ব্যতিক্রমী সিনেমা নির্মাণ করলে নিশ্চয় দর্শকরা গ্রহণ করবেন।’ দেশের চলচ্চিত্র ও নাট্যাঙ্গনের বর্তমান অবস্থা নিয়ে তিনি আরো বলেন, ‘এখন প্রযোজক-পরিচালক থেকে শুরু করে শিল্পীদেরও নিজেস্ব ঘরানা তৈরি হয়েছে। যার বাইরে তারা কাজ করতে চান না। এতে নির্মাণে অনেক নেতিবাচক প্রভাব পড়ছে।’