সিলেট অফিস ও দক্ষিণ সুরমা সংবাদদাতা
এবার সিলেট বিভাগে বোরো ধানের বাম্পর ফলন হয়েছে। তাই সিলেট বিভাগে ৫৮ হাজার ৮২ মেট্রিক টন ধান ও ৩৩ হাজার ৭ মেট্রিক টন বোরো সেদ্ধচাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধরণ করা হয়েছে। সিলেটে শনিবার সিদ্ধ চাল সংগ্রহ উদ্বোধন করা হয়। প্রথম দিনে সিলেট জেলায় ২০০ মেট্রিক টন সেদ্ধচাল সংগ্রহ করা হয়েছে।
গতকাল সিলেট বিভাগের পক্ষ থেকে সিলেট সদর উপজেলার খাদ্য গুদামে সেদ্ধচাল সংগ্রহ অভিযান উদ্বোধনকালে ভার্চুয়াল সভায় বক্তব্য রাখেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান। ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলাম, এসময় অনুষ্ঠানস্থলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেটের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মো. মাইন উদ্দিন, সিলেট জেলা খাদ্য নিয়ন্ত্রক নয়ন জ্যোতি চাকমা, সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজি মহুয়া মমতাজ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনোজ কান্তি দাস চৌধুরীসহ বিভিন্নস্তরের কর্মকর্তা। পরে দক্ষিণ সুরমার শাহপরান অটো রাইসমিল থেকে সেদ্ধচাল সংগ্রহের মাধ্যমে সিলেটে সেদ্ধচাল সংগ্রহের অভিযান শুরু হয়। সংশ্লিষ্টরা জানান, বোরো ধানের সরকারি মূল্য প্রতি কেজি ২৭ টাকা ও সেদ্ধচাল ২৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ দিন দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যামে যুক্ত হয়ে ‘সারাদেশে সেদ্ধচাল সংগ্রহ-২০২১’ এর উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। খাদ্য মন্ত্রণালয়ের সচিব মোছাম্মত্ নাজমানারা খানমের সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় যুক্ত থেকে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, টাঙ্গাইলের সংসদ সদস্য মো. মনোয়ার হোসেন, খাদ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক শেখ মুজিবুর রহমান, অতিরিক্ত মহাপরিচালক আব্দুল আজিজ মোল্লাসহ দেশের প্রতিটি বিভাগ ও জেলা প্রশাসনের কর্মকর্তা, জেলার খাদ্য বিভাগের কর্মকর্তারা।