বরিশাল অফিস
বরিশাল নগরীর কলেজ অ্যাভিনিউ এলাকায় মালিহা ফরিদী সারা (২৪) নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যু হয়েছে। সারা বরিশালের বাকেরগঞ্জ উপজেলার এ কে এম ফরিদ আহমেদের মেয়ে এবং বরিশাল নগরীর ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজে বিএ অনার্সে অধ্যয়নরত।
স্থানীয় সূত্র জানায়, কলেজ অ্যাভিনিউ এলাকার একটি বাসা দুই মাস আগে ভাড়া নেয় সারা। বাড়িওলার কাছে জমা দেওয়া ভাড়াটিয়ার তথ্য ফরমে মো. তানভীর রাফি নামে ২৭ বছরের এক চাকরিজীবী যুবককে স্বামী হিসেবে পরিচয় দিয়েছিলেন সারা।
গত শনিবার রাতে হঠাত্ অসুস্থ হয়ে পড়ে সারা। এরপর স্বজন দাবি করে এক মধ্য বয়স্ক দম্পতি তাকে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে (শেবাচিম) নিয়ে যায়। পরে শেবাচিম হাসপাতালের কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত বলে ঘোষণা করেন।
সারার স্বজনের দাবি, বাড়িওলার কাছে জমা দেওয়া ভাড়াটিয়ার তথ্য ফরমে মো. তানভীর রাফি নামে ২৭ বছরের এক চাকরিজীবী যুবককে স্বামী হিসেবে পরিচয় দিয়েছিলেন সারা। এছাড়া মৃত্যুর পর গলার একটি দাগসহ বিভিন্ন দিক মিলিয়ে সারার মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মো. রাসেল এবং ওসি নূরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে গতকাল রবিবার সন্ধ্যা পর্যন্ত মৃত্যুর ঘটনায় কাউকে আটক করা হয়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেবাচিম হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে বলে থানা পুলিশ জানায়।