মুজিবুর রহমান, গাজীপুর প্রতিনিধি
গাজীপুর সিটি এলাকায় যানজট এড়াতে ঈদ-উল ফিতরের আগেই বিকল্প সড়ক চালুর চেষ্টা চলছে। মহানগরীর সুকন্দিরবাগ ব্রিজ থেকে টঙ্গীর বনমালা রেলগেট পর্যন্ত আলোচিত বিকল্প এ রাস্তাটির কাজ দ্রুত শেষ করতে দিন-রাত চেষ্টা করছে গাজীপুর সিটি করপোরেশনের প্রকৌশল বিভাগ। প্রায় প্রতিদিনই সরেজমিন উপস্থিত থেকে প্রকল্পটির কাজ তদারকি করছেন সিটি করপোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলম। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিকল্প হিসেবে গাজীপুর শহর থেকে টঙ্গী হয়ে রাজধানী ঢাকা যাওয়ার গুরুত্বপূর্ণ এ সড়কটির নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে।
জানা গেছে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ দিন ধরে চলমান বাস র্যাপিড ট্রানজিট-বিআরটি প্রকল্পের কাজের কারণে মানুষের দুর্ভোগের শেষ নেই। এই দুর্ভোগ থেকে নগরবাসীকে স্বস্তি দিতেই টঙ্গী থেকে গাজীপুর শহর পর্যন্ত বিকল্প রাস্তা বের করার উদ্যোগ নিয়েছিলেন সিটি মেয়র। নগরবাসীর বহু কাঙ্ক্ষিত বিকল্প সড়কটির কাজ আগেই সম্পন্ন হয়েছিল। কিন্তু এরই মধ্যে রেলওয়ের ডাবল লাইন প্রকল্পের কাজ শুরু হয়। সে কারণে বিকল্প সড়কটির টঙ্গী বনমালা থেকে সুকন্দিরবাগ ব্রিজ পর্যন্ত প্রায় এক কিলোমিটার অংশ বন্ধ করে দেয় রেলওয়ে কর্তৃপক্ষ। ফলে বিকল্প ঐ সড়কের সুফল থেকে বঞ্চিত হচ্ছিল নগরবাসী। ইতিমধ্যে রেলওয়ে কর্তৃপক্ষ বিকল্প সড়কের ঐ অংশে ডাবল লাইনের জায়গায় সীমানা প্রাচীর নির্মাণ করে। এতে বিকল্প সড়কটি ঐ অংশ আরো সংকুচিত হয়ে পড়ে। এ অবস্থায় মেয়র রাস্তার পাশের জমির মালিকদের সঙ্গে আলোচনা করে রাস্তাটি প্রশস্তকরণের উদ্যোগ নেন। জমির মালিকরাও স্বেচ্ছায় রাস্তার জন্য জায়গা ছেড়ে দিতে রাজি হন। বর্তমানে বিকল্প সড়কটির ঐ অংশে দ্রুত গতিতে কাজ চলছে। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো. সফিউদ্দিন সফি জানান, বিকল্প এ রাস্তাটি চালু হলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওপর এক দিকে যেমন চাপ কমবে, তেমনি টঙ্গী থেকে গাজীপুর শহরে অল্প সময়ের মধ্যে আসা-যাওয়া করা যাবে। এ ব্যাপারে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, আমরা নগরবাসীর উন্নয়ন ও কল্যাণের জন্য কাজ করছি। আমরা চেষ্টা করছি ঈদুল ফিতরের আগেই বিকল্প এ সড়কটি সচল করতে পারব।