গাজীপুরে অজ্ঞাত পরিচয় ব্যক্তির গলা কাটা লাশ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে অজ্ঞাত পরিচয় (৪০) এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে মহানগরীর হাজিবাগ লেকভিউ আবাসিক এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। তার পরনে হালকা গ্রে রঙের প্যান্ট ও পিত রঙের শার্ট ছিল।

সদর মেট্রো থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, ঐ আবাসিক এলাকার একটি পরিত্যক্ত স্থানে এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। তিনি আরো জানান, নিহতের গলাকাটা, মাথা ও শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা গত শনিবার রাতের কোনো এক সময়ে তার গলা কেটে হত্যার পর লাশ ঐ স্থানে ফেলে রেখে যায়।