স্বাস্থ্যবিধি না মানায় উত্তরা রাজউক কমপ্লেক্স বন্ধ ঘোষণা

ইত্তেফাক রিপোর্ট

স্বাস্থ্যবিধি না মানায় রাজধানীর উত্তরার আজমপুরের রাজউক কর্মচারী কমার্শিয়াল কমপ্লেক্স বন্ধ করে দিতে নির্দেশ দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। গতকাল রবিবার উত্তরার দোকানপাট ও শপিংমলগুলোতে স্বাস্থ্যবিধি মানা নিশ্চিত করতে পরিচালিত অভিযানে তিনি এ নির্দেশ দেন।

এসময় মেয়রসহ ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মার্কেটটিতে ঢুকে দেখতে পান, এখানে  প্রবেশপথে হ্যান্ড স্যানিটাইজার রাখা বা স্বাস্থ্যবিধি মানার কোনো ধরনের উদ্যোগ নেয়নি মার্কেট কর্তৃপক্ষ। এ অবস্থায় সার্বিক দিক বিবেচনা করে কমার্শিয়াল কমপ্লেক্সটি বন্ধ করে দিতে নির্দেশ দেন মেয়র। মেয়রের এমন নির্দেশনার পর ডিএনসিসির পক্ষ থেকে মাইকিং করে মার্কেটটি বন্ধ করে দিতে বলা হয়।