আসামের মুখ্যমন্ত্রী হচ্ছেন বিজেপি নেতা হিমন্ত বিশ্ব শর্মা

ভারতের আসাম রাজ্যে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর এখন সরকার গঠনের প্রস্তুতি চলছে। রাজ্যটির মুখমন্ত্রী হতে যাচ্ছেন বিজেপি নেতা হিমন্ত বিশ্ব শর্মা। ভারতীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিষয়টি অনুমোদন দিয়েছেন বলে জানা গেছে। গতকাল আসামের গুয়াহাটিতে রাজ্য বিজেপির নবনির্বাচিত বিধানসভা সদস্যদের বৈঠকে মুখ্যমন্ত্রী পদের জন্য হিমন্তের নাম প্রস্তাব করা হলে অন্য বিধায়করা তাতে সমর্থন জানান।

আসামের বিধানসভা নির্বাচনে টানা দ্বিতীয়বারের মতো জয় পেয়েছে বিজেপি। রাজ্যটির বিধানসভার ১২৬টি আসনের মধ্যে ৬০টি পেয়েছে তারা। তাদের জোট সঙ্গী এজিপি ৯টি ও ইউপিপিএল ছয়টি আসন পেয়েছে। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি সনোয়ালকে মুখ্যমন্ত্রী প্রার্থী হিসেবে প্রচারণা চালিয়ে জয় পেয়েছিল। এই জয়ের মাধ্যমেই ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর মধ্যে প্রথম আসামে সরকার গঠন করতে পেরেছিল দিল্লিতে ক্ষমতাসীন দলটি।

এবার দলটি নির্বাচনের পর পরবর্তী মুখ্যমন্ত্রীর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে আগেই জানিয়ে রেখেছিল। নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে আসামের মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে কয়েকবার আলোচনায় বসেন বিজেপির শীর্ষ নেতারা। ছয় বছর আগে আসাম কংগ্রেসের নেতৃত্ব ছেড়ে বিজেপিতে যোগ দেন শর্মা। আসামে বিজেপির উত্থানের স্থপতি হিসেবে শর্মাকেই কৃতিত্ব দেওয়া হয়। তিনি যোগ দেওয়ার পরের বছরই ভোটে বড় জয় পায় বিজেপি।