মোংলা (বাগেরহাট) সংবাদদাত
দ্বিতীয় দফায় মেট্রোরেলের ছয়টি রেলওয়ে কার (কোচ) নিয়ে জাপানের কোবে বন্দর থেকে ছেড়ে আসা বিদেশি জাহাজ এমভি ওশান গ্রেস রবিবার দুপুর সোয়া ১২টার দিকে মোংলা বন্দরে ভেড়ে। এরপর বন্দরের ৭ নম্বর জেটিতে দুপুর সোয়া ২টার দিকে প্রচণ্ড বাতাস ও বৃষ্টির মধ্যে জাহাজ থেকে কার নামানোর কাজ শুরু হয়। জেটিতে অবস্থানরত জাহাজের পশ্চিম পাশে ভেড়ানো বার্জে নামানো হয় এ কার। একটি বার্জে তিনটি করে কার নামানো হয়। এরপর নদী পথেই দুটি বার্জে করে এই ছয়টি কার নেওয়া হবে ঢাকার উত্তরার দিয়াবাড়ীতে। রবিবার দুপুরে কার খালাসকালে বন্দর জেটিতে উপস্থিত ছিলেন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়াল অ্যাডমিরাল এম মুসা, ভারপ্রাপ্ত পরিচালক (প্রশাসন) কমান্ডার ফখর উদ্দীন ও সংশ্লিষ্ট শিপিং এজেন্টের কর্মকর্তা এবং প্রতিনিধিরা।
রবিবার দুপুরে বিদেশি জাহাজ এমভি ওশান গ্রেসের স্থানীয় শিপিং এজেন্ট এনসিয়েন্ট স্টিম শিপ কোম্পানির জেনারেল ম্যানেজার মো. ওহিদুজ্জামান বলেন, রবিবার ছয়টি রেলওয়ে কার মোংলা বন্দরে পৌঁছানোর পর খালাস করা হয়। এ কারের সঙ্গে রয়েছে আনুষঙ্গিক মালামালও। ছয়টি কার ও আনুষঙ্গিক মালামালের ওজন প্রায় ২৬৭ টন। তিনি বলেন, এর আগে গত ৩১ মার্চ মোংলা বন্দর দিয়ে খালাস হওয়া মেট্রোরেলের প্রথম চালানের ছয়টি কার গত সপ্তাহ দুই আগে ঢাকার উত্তরার দিয়াবাড়ীতে পৌঁছে। এখন সেখানে চলছে সেগুলোর টেস্ট ট্রায়াল। তিনি আরো বলেন, চলতি বছরে কার নিয়ে আরো তিন-চারটি জাহাজ আসার কথা রয়েছে। ২০২২ সালের ডিসেম্বরের মধ্যে প্রথম ও দ্বিতীয় চালান বাদে ২২টি জাহাজে আরো ১৩২টি কোচ আসবে।