মানিকগঞ্জে গুলিতে কিশোর আহত

মানিকগঞ্জে শহরের বেউথা এলাকায় এহিয়া হোসেন মির্জা (১৬) নামের এক কিশোর গুলিতে আহত হয়েছে। শনিবার রাতে বেউথা হলি চাইল্ড স্কুলের সামনে এ ঘটনা ঘটে। আহত এহিয়া হোসেন মির্জা সাটুরিয়া উপজেলার তিল্লি গ্রামের মৃত ইমরান হোসেন মির্জার ছেলে। সে মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

ঘটনার বিবরণ দিতে গিয়ে এহিয়া মির্জার বোন শুভেচ্ছা মির্জা বলেন, আমার ভাই তারাবির নামাজ শেষ করে বাসায় ফেরার পথে সিমান্ত নামের এক ছেলে তাকে হলি চাইল্ড স্কুলের সামনে ডেকে নিয়ে যায়। এরপরে সেখানে কথাবার্তার এক পর্যায়ে তার কাছে থাকা পিস্তল দিয়ে আমার ভাইকে গুলি করে। আমার ভাই গুলিবিদ্ধ অবস্থায় দৌড়ে বাসায় এসে বলে সিমান্ত নামের এক ছেলে তাকে গুলি করেছে। এরপর আমার মা ও আমার বোন তাকে দ্রুত মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়।

ঘটনা সম্পর্কে ভিকটিমের স্বজন মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল মোল্লা সাংবাদিকদের জানান, হঠাত্ লোকজনের চিত্কার শুনে রাস্তায় বের হয়ে দেখি আমাদের পাশের বাড়ির একটি ছেলেকে গুলিবিদ্ধ অবস্থায় তার মা এবং বোন হাসপাতালে নেওয়ার চেষ্টা করছে।

মানিকগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত সিনিয়র স্টাফ নার্স নবীন মিয়া বলেন, আহত এহিয়ার ঘাড়ে একটি গুলি সদৃশ বস্তু পাওয়া গেছে। উন্নত চিকিত্সার উদ্দেশ্যে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এদিকে জেলা পুলিশ অভিযুক্ত সিমান্তের বাড়ি থেকে একটি বন্দুক সদৃশ বস্তু উদ্ধার করেছে। এরপর সদর উপজেলার নবগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে রাত ১টার দিকে অভিযুক্ত সিমান্তকে আটক করা হয়।

মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ আকবর আলী খান জানান, আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং তার নামে দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।