ভারতের ইতিহাসবিদ হোসেনূর রহমান প্রয়াত

পশ্চিমবঙ্গের প্রখ্যাত ইতিহাসবিদ, প্রাবন্ধিক হোসেনূর রহমান মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৭ বছর। ৫ মে তিনি করোনা আক্রান্ত হন। তিনি কলকাতার কেষ্টপুরে মেয়ের বাড়িতে ছিলেন। রবিবার সন্ধ্যায় তিনি মারা যান। তার মৃত্যুতে শোকার্ত পশ্চিমবঙ্গের শিক্ষাবিদ মহল।

বাংলায় অসাম্প্রদায়িক চেতনা ও জ্ঞানচর্চার অন্যতম পথিকৃত হোসেনূর রহমানের জন্ম ১৯৩৪ সালের ১ ফেব্রুয়ারি। তিনি বিভিন্ন সময় কলকাতার প্রেসিডেন্সি, মৌলানা আজাদ কলেজ, হুগলির চুঁচুড়ার হাজি মহসিন কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যাপনা করেছেন। তার জামাতা সৌমিত্র মুখার্জি জানিয়েছেন, হোসেনূর রহমান ছিলেন ধর্মনিরপেক্ষ চেতনার।

বিভিন্ন বিষয়ে ২০টিরও বেশি বই লিখেছেন। তার মধ্যে—‘বিবেকানন্দ ও আধুনিক ভারত’, ‘বিবেকানন্দ, বেদান্ত ও ইসলাম’, ‘গান্ধী, জিন্না ও অন্যান্য প্রবন্ধ’, ‘শ্রীরামকৃষ্ণ :দ্য সিম্বল অফ হারমনি অফ রিলিজিয়ান্স’, ‘আধুনিকতা ও ধর্ম নিরপেক্ষতা’, ‘ধর্ম সংকট’, ‘মৌলবাদ ও মৌলবিবাদ’ উল্লেখযোগ্য।