চলমান করোনা পরিস্থিতি মোকাবিলায় দেশের অসহায় ও দুঃস্থ মানুষদের জন্য তিন বাহিনী’র মানবিক সহায়তা অব্যাহত রয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) গতকাল রবিবার পৃথক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ এর নির্দেশে বরাবরের মত অসহায় ও দুঃস্থ মানুষদের জন্য মানবিক সহায়তা অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই অংশ হিসেবে গতকাল সাভার সেনানিবাস সংলগ্ন বমকা এবং পল্লিবিদ্যুত্ এলাকায় সর্বমোট ৩ শত ৬৫ টি পরিবারের মধ্যে চাল, ডাল, চিনি, তেল, আটা ছোলা, আলু, পেঁয়াজ, সাবান ও লবণ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী বিতরণ করা হয়।
এদিকে গতকাল বিমান বাহিনী কক্সবাজার ঘাঁটি শেখ হাসিনা কর্তৃক বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার ২৮৫ জন এতিম ও দুস্থ ছাত্র-ছাত্রীদের মাঝে ঈদ উপহার হিসেবে পাঞ্জাবি, পাজামা, টুপি ও থ্রি-পিচসহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
বিমান বাহিনী ঘাঁটি শেখ হাসিনা-এর এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মুহাম্মদ শাফকাত আলী ও ঘাঁটির অন্যান্য কর্মকর্তাগণের উপস্থিতিতে এতিম ও দুস্থ শিশুদের মাঝে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে উক্ত ঈদ উপহার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বিমান বাহিনী টাঙ্গাইলের ঘাঁটি পাহাড়কাঞ্চনপুর কর্তৃক বিএএফ শাহীন কলেজ প্রাঙ্গণে টাঙ্গাইলের বিভিন্ন মাদ্রাসার ১২৬ জন এতিম ও দুস্থ শিশুদের মাঝে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে ঈদ উপহার হিসেবে পাঞ্জাবি ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ঈদ উপহার ও খাদ্য সামগ্রী বিতরণের সময় বিমান বাহিনী ঘাঁটি পাহাড়কাঞ্চনপুর এর এয়ার অধিনায়ক এয়ার কমডোর কাজী মাজহারুল করিমসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এছাড়া গতকাল কমান্ডার খুলনা নেভাল এরিয়া-এর তত্ত্বাবধানে খুলনা রেলওয়ে স্টেশন সংলগ্ন ও খুলনা শহর এলাকায় দুঃস্থ ও অসহায় ৬ শত পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়। অন্যদিকে, খুলনার লবনচরাস্থ নৌঘাঁটি সোলাম কর্তৃক লবনচরা এলাকায় ৩০০ অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে অনুরূপ খাদ্য সহায়তা প্রদান করা হয়। এছাড়া দেশব্যাপী মানবিক সহায়তার অংশ হিসেবে কমান্ডার ফ্লোটিলা ওয়েস্ট এর তত্ত্বাবধানে বাগেরহাট জেলার জয়মনি জেলেপাড়া ও মোংলা তত্সংলগ্ন এলাকায় ৩৩০ কর্মহীন ও ছিন্নমুল পরিবারের মাঝে খাদ্য সহায়তা ও নগদ অর্থ প্রদান করা হয়। পাশাপাশি বানৌজা মংলা কর্তৃক মোংলা ফেরিঘাট, বুড়িরডাঙ্গা ও চাঁদপাই এলাকায় ২০০ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়।