n লোপা চৌধুরী
দীর্ঘ একমাস রোজা রাখার পর আসছে ঈদ। ঈদ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ঈদের কেনাকাটা তো প্রায় সেরেই ফেলেছে সবাই। এখন শুধু ঈদের দিনের অপেক্ষা আর এই বিশেষ দিনটিতে কী কী করবেন সেই ভাবনা ভাবার সময়। বিশেষ দিনের সাজটা যদি বিশেষ না হয় তাহলে ঈদটাই মাটি। আর সাজ কিন্তু শুধু মানুষকে সুন্দর করে তোলার জন্য নয়। ব্যক্তিত্ব ও রুচিবোধেরও প্রকাশ ঘটায় এই সাজ। ঈদের দিনটাকে মোটামুটি ৩ ভাগে ভাগ করে নিতে পারেন। সকাল, বিকাল আর রাত। তাহলে যেমন ঈদের দিন কখন কোনটা ড্রেস পড়বেন এটা সহজেই ঠিক করে ফেলতে পারবেন তেমনি সাজটাও ঠিকঠাকমতো সাজতে পারবেন। শুধু ঈদের দিনই নয়, ঈদের পরের দিনগুলোতেও এভাবে সাজতে পারেন।
সকালের সাজ
সকাল মানেই স্নিগ্ধতা। সকালের দিকটায় সবাই বাসাতেই থাকে। আর ঈদের সকালে গোসল করার কারণে একটা ফ্রেস লুক চলে আসে চেহারাতে। তাই সকালের দিকে ঈদের সব পোশাকের মধ্যে থেকে হালকা পোশাকটাই বেছে নেওয়া ভালো। মনে করুন একটা হালকা আকাশী রংয়ের সুতি/ টাঙ্গাইল শাড়ি পড়লেন আর কপালে ছোট্ট একটা টিপ। হালকা, স্নিগ্ধ পোশাকের সঙ্গে সাজটাও হালকা দিতে হবে। মেকআপটা এমন হতে হবে যেন চেহারায় ন্যাচারাল ভাবটা থাকে। চুলটাও একটু হালকা স্টাইল করে ছেড়ে দিতে পারেন। খোলা চুলের জন্য সকালই পারফেক্ট সময়। সাজার জন্য কানে হালকা কিছু আর হাতে অল্প কিছু চুড়িও পড়তে পারেন।
বিকালের সাজ
ঈদের বিকেলের আকাশ জুড়ে রোদ থাকুক বা নাই থাকুক, বিকালের সাজটা একটু ভেবে চিন্তেই দিতে হবে। ঈদের আনন্দ মানেই বিকেলে ঘোড়াঘুড়ি আর আড্ডাবাজি। তাই বিকালের পোশাক ট্র্রেডিশনাল/ ওয়েস্টার্ন/ ক্যাজুয়াল যাই হোক না কেন, হতে হবে আরামদায়ক। যাতে চলাফেরা করতে যেন সুবিধে হয়, সঙ্গে যে কোনো ধরনের আবহাওয়াতেও যেন সামলানো যায়। বিকালের সাজের ক্ষেত্রে চুল বেঁধে রাখাই ভালো। পনিটেইল, ফিসটেইল বা ফ্রেঞ্চ বেণী যাই করুন না কেন পোশাকের ধরন বুঝে নিজের সঙ্গে মানানসই এমন হেয়ার স্টাইল করুন। আর মেকআপের দিকে একটু বিশেষ নজর দিন। ওয়াটার প্রুফ মেকআপ বা মেকআপ শেষে স্প্রে ব্যবহার করুন যাতে মেকআপটা বসে যায়, তা না হলে বিকালের সাজটা রোদে/ বৃষ্টিতে বা ঘামের সঙ্গে মাখামাখি হতে পারে। জুতা নির্বাচনের ক্ষেত্রে একটু হিল পড়তে পারেন তাহলে দেখতে ভালো লাগবে।
রাতের সাজ
রাতের সাজ মানে এক বাক্যে মনমতো সাজ। কারণ রাতের ঘোড়াঘুড়ি বা পার্টি মানেই ইনডোর পার্টি। ভারী পোশাক, সঙ্গে ভারী সাজ শুধু রাতেই মানানসই। রাতে মেকআপ নষ্ট হওয়ার ভয় থাকে না। রাতে চুলটা আগার দিকে কারলি করে ছেড়ে দিলে বেশ ভালো লাগে। ঈদের সবগুলো পোশাকের মধ্যে উজ্জ্বল গাঢ় রংয়ের পোশাকটা রাতে পড়তে পারেন, সঙ্গে কিছু ভারী গহনা আর হাই হিল। স্মোকি আই, রাতের সাজে চোখের এই বিশেষ সাজ আপনাকে অপ্সরী করে তুলবে। আনন্দময় ঈদকে আরও আনন্দময় করতে আসলে নিজের ভালো লাগাটাই সবচেয়ে বড় ব্যপার। যাকে যেভাবে যে সাজে সুন্দর ও সতেজ লাগে তাকে সেই সাজটাই দিতে হবে।
পোশাক ও ছবি ইয়াং কে