মাবরুর রশিদ বান্নাহ’র রচনা ও পরিচালনায় ঈদের দিন দেশ টিভিতে প্রচার হবে নাটক ‘ফিরে এলো রূপবান’। নাটকটিতে অভিনয় করেছেন শ্রেয়া সর্বজয়া, ইরেশ যাকের, মীর ফজলে রাব্বি প্রমুখ।
রূপবান তার ভাই আনিসের বন্ধুদের নিয়ে একটা গ্যাং চালায়। এক রাতে রূপবানের এক ট্রাক মাল নিয়ে গোলাগুলি হয় অন্য একটা গ্যাংয়ের সঙ্গে। হঠাত্ একটা গুলি রূপবানের গায়ে লাগতে গেলে রাম নামের এক লোক এসে তাকে বাঁচায়। তারপর রূপবান রামকে তার ডান হাত হিসেবে রেখে দেয়। কিছুদিন পর রূপবানের কাছে খবর আসে তার গ্যারেজ মালিক রহমান ভাই গুম হয়। পরদিন সকালবেলা রহমান ভাইয়ের লাশ পাওয়া যায়। এভাবে আস্তে আস্তে রূপবানের আশেপাশের মানুষজন গুম হতে থাকে। একদিন এক ঘটনায় রূপবান বুঝতে পারে আসলে তার আশেপাশের মানুষজনকে গুম করে মেরে ফেলছে তারই ডান হাত রাম। এবার রামের সঙ্গে রূপবানের গোলাগুলি হয়। এক পর্যায়ে রূপবানের গায়ে গুলি লাগে। এমন সময় লক্ষণের ডান হাত সেলিম রূপবানকে নিয়ে আসে হাসপাতালে। রূপবান সেলিমের কাছে জানতে পারে লক্ষণ মারা যাওয়ার পর তার গ্যাংয়ের হাল ধরে এই রাম। রামের বিভিন্ন কাজ সেলিমের পছন্দ না হওয়ায় সে তার প্রতিবাদ করে। পরে রাম সেলিমকে গ্যাং থেকে বের করে দেয়। তারপর রূপবান মরিয়া হয়ে খুঁজতে থাকে রামকে। একটা জায়গায় পেয়েও যায়। রামকে জিজ্ঞেস করে রাম কেন এসব করছে। রাম জানায় সে আসলে লক্ষণের ছোট ভাই, যে কি-না রূপবানের হাতে মারা পড়েছিল। রাম এর প্রতিশোধ নিতেই রূপবানের পিছু নিয়েছে। সবশেষে দেখা যায়, রূপবান রামের বুকে গুলি করে রামকে মেরে ফেলে। টিকে থাকে কেবল রূপবান।