জীবননগর (চুয়াডাঙ্গা) সংবাদদাতা
জীবননগরে তিনটি স্বর্ণের বারসহ ইউপি সদস্য ইসরাফিল হোসেন ওরফে পুকু মেম্বারকে আটক করেছে বিজিবি। রবিবার বিকালে উপজেলার সীমান্ত গয়েশপুর গ্রামের স্কুলপাড়া থেকে মোটরসাইকেলসহ তাকে আটক করা হয়। জব্দকৃত স্বর্ণের বাজার মূল্য ৫৯ লাখ ১৮ হাজার ৬১৬ টাকা বলে জানিয়েছে বিজিবি। আটককৃত ইসরাফিল হোসেন পুকু ঐ গ্রামের স্কুলপাড়ার মৃত দৌলত হোসেন ওরফে দুলুর ছেলে এবং সীমান্ত ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য। ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, গয়েশপুর বিওপি ক্যাম্পের নায়েব সুবেদার জিলাস উদ্দীনের নেতৃত্বে বিজিবি সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে চোরাচালানবিরোধী অভিযান চালান। এ সময় ইউপি সদস্য ইসরাফিল হোসেন পুকু পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া করে তাকে আটক করে। পরে তার দেহতল্লাশি করে ১ কেজি ৬৩ গ্রাম ওজনের তিনটি স্বর্ণের বারসহ একটি মোটরসাইকেল জব্দ করে। মামলা দিয়ে রাতেই তাকে জীবননগর থানায় সোপর্দ করে বিজিবি। মহেশপুর ৫৮ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল কামরুল আহসান সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।