অপহূত দুই জন উদ্ধার গ্রেফতার ৩

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা সিসিএন পলিটেকনিকের ছাত্র জালাল হোসেন ও তার চাচাতো ভাই মাসুদ রানার অপহরণকারী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। কুমিল্লার র্যাব অভিযান পরিচালনা করে গতকাল সোমবার ভোররাতে অপহূতদের উদ্ধার এবং অপহরণকারী চক্রের এক নারীসহ তিন সদস্যকে গ্রেফতার করে। অপহূত জালাল হোসেন জেলার বরুড়া উপজেলার ভবানীপুর ইউনিয়নের নাটেহর গ্রামের মোখলেছুর রহমানের ছেলে এবং মাসুদ রানা একই বাড়ির আবদুল জব্বারের ছেলে। গ্রেফতারকৃতরা হচ্ছে—রিনা আক্তার, শাহপরান ও শরীফ ইসলাম। গতকাল দুপুরে র্যাব-১১, সিপিসি-২ কুমিল্লা ক্যাম্পের অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

র্যাব জানায়, কুমিল্লা সিসিএন পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র জালাল হোসেন (২২) ও তার চাচাতো ভাই মাসুদ রানা (১৬) মোবাইল ফোন ক্রয়ের জন্য রবিবার দুপুরে বাড়ি থেকে কুমিল্লা শহরে আসে। বিকেলে তারা টমছমব্রিজ থেকে সিএনজি অটোরিকশাযোগে বাড়ি ফিরছিল। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নন্দনপুর এলাকায় কোটবাড়ী সড়কে পৌঁছালে সংঘবদ্ধ অপহরণকারী চক্র তাদের অটোরিকশার পথরোধ করে এবং মোবাইল চুরির অপবাদ দিয়ে তাদের মোটরসাইকেলে তুলে অপহরণ করে নিয়ে যায়। পরে আদর্শ সদর উপজেলার উত্তর দুর্গাপুর এলাকায় চক্রের নারী সদস্য রিনা আক্তারের ঘরে আটকে রেখে নির্যাতন চালায় এবং ৫০ হাজার টাকা করে দুই জনের স্বজনদের কাছে মোবাইল বিকাশের মাধ্যমে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। বিষয়টি অপহূত মাসুদ রানার ভাই কাইয়ুম হোসেন র্যাবকে জানালে রাতে অপহূতদের উদ্ধারে অভিযানে মাঠে নামে র্যাব। র্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান, গতকাল ভোররাতে অপহূতদের উদ্ধার করে তাদের প্রাথমিক চিকিত্সা দেওয়া হয় এবং চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে কাইয়ুম হোসেন বাদী হয়ে সোমবার কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেছেন।