করোনা থেকে মুক্তির ৯ মাস পর্যন্ত মিলেছে অ্যান্টিবডির উপস্থিতি

 

চট্টগ্রামে একদল চিকিত্সকের গবেষণা

 

চট্টগ্রাম অফিস

করোনা ভাইরাস থেকে সেরে ওঠা ব্যক্তিদের মধ্যে প্রায় ৯০ শতাংশের শরীরে অ্যান্টিবডি মিলেছে এবং ৯ মাস পর্যন্ত তা কার্যকর ছিল বলে দাবি করেছে চট্টগ্রামের একটি গবেষণা সংস্থা। এছাড়া করোনা ভাইরাসের উপসর্গ ছিল কিন্তু পরীক্ষায় নেগেটিভ এসেছে, এমন ব্যক্তিদের প্রায় ২৬ শতাংশের শরীরেও অ্যান্টিবডির প্রমাণ মিলেছে। কোভিড-১৯ আক্রান্ত রোগীদের শরীরে অ্যান্টিবডির উপস্থিতি নিয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে একদল চিকিত্সকের গবেষণার এই তথ্য গত শনিবার প্রকাশ করা হয়।

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রবের নেতৃত্বে গবেষণা দলে রয়েছে— চট্টগ্রামের ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ আসিফ খান, জেনারেল হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট ডা. এইচ এম হামিদুল্লাহ মেহেদী, সাউথ ক্যারোলিনা বিশ্ববিদ্যালয়ের গবেষণা সহযোগী ডা. এম এ কবির চৌধুরী, সহকারী সার্জন ডা. অমি দেব ও চিকিত্সা কর্মকর্তা মোরতাহিনা রশিদ। গত বছরের অক্টোবর থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত দৈবচয়নের ভিত্তিতে চট্টগ্রামের ১ হাজার ৫৩০ জনের রক্ত পরীক্ষা ও সাক্ষাত্কার নিয়ে এই গবেষণা পরিচালনা করা হয়। এর মধ্যে আরটিপিসিআর পরীক্ষায় কোভিড-১৯ পজিটিভ ছিল ৯৪১ জনের এবং নেগেটিভ ছিল ৫৮৯ জনের।

গবেষণায় দেখা গেছে, কোভিড-১৯ পজিটিভ হওয়াদের মধ্যে ৮৩৪ জনের (৮৮ দশমিক ৬ শতাংশ) মধ্যে অ্যান্টিবডির উপস্থিতি পাওয়া গেছে। আর পাওয়া যায়নি ১০৭ জনের (১১ দশমিক ৪ শতাংশ) মধ্যে। অপরদিকে  কোভিডের উপসর্গ থাকার পরও পরীক্ষায় নেগেটিভ হওয়াদের মধ্যে অ্যান্টিবডির উপস্থিতি মিলেছে ১৫৩ জনের (২৬ শতাংশ) এবং মেলেনি ৪৩৬ জনের (৭৪ শতাংশ)।

গবেষণায় নেতৃত্ব দেওয়া ডা. আব্দুর রব বলেন, গবেষণায় আক্রান্ত হয়ে সুস্থ হয়ে যাওয়া ব্যক্তির শরীরে আমরা ৯ মাস পর্যন্ত অ্যান্টিবডির উপস্থিতি পেয়েছি। এসব তথ্য আরো বিশ্লেষণ করে যথাযথভাবে আন্তর্জাতিক জার্নালে উপস্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে।