গোপালগঞ্জে আশ্রয়ণ কেন্দ্রের ৭৮৬ পরিবারে ঈদের আনন্দ

 

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে আশ্রয়ণ কেন্দ্রের ৭৮৬টি পরিবারে ঈদের আনন্দ বিরাজ করছে। মুজিববর্ষে ভূমি ও গৃহহীন এসব পরিবার ২০২১ সালের ২৬ জানুয়ারি প্রধানমন্ত্রীর উপহারের নতুন ঘর পেয়েছে। নতুন বাড়িতে ঈদ করতে প্রধানমন্ত্রী প্রতিটি পরিবারের জন্য ঈদ উপহার পাঠিয়েছেন। গতকাল সোমবার গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা আশ্রয়ণ কেন্দ্রে গিয়ে প্রতিটি পরিবারে কাছে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছে দিয়েছেন।

গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেন, পাঁচ উপজেলার ভূমি ও গৃহহীন ৭৮৬টি পরিবারকে প্রধানমন্ত্রীর উপহারের নতুন ঘর করে দেওয়া হয়েছে। তারপর প্রত্যেক পরিবারকে ঘরের সঙ্গে দুই শতাংশ জমি কবুলিয়ত করে দেওয়া হয়েছে। নতুন ঘরে যাতে তারা পরিবারপরিজন নিয়ে ঈদ করতে পারেন, সেজন্য প্রধানমন্ত্রী ঈদসামগ্রী পাঠিয়েছেন। গোপালগঞ্জের এনডিসি মিলন সাহা বলেন, আশ্রয়ণ কেন্দ্রের পরিবার প্রতি প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ১০ কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি চিনি,  এক কেজি সেমাই , এক কেজি তেল ও ২০০ গ্রামের এক প্যাকেট দুধ দেওয়া হয়েছে।

গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা হিরামনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের নতুন ওয়ালসেট টিনের ঘর ও এর সঙ্গে দুই শতাংশ জমি দিয়েছেন। এখানে স্বামী ও সন্তান নিয়ে ভালোভাবে বসবাস করছি। মধ্যে করোনার ধাক্কায় আমার দিনমজুর স্বামীর আয় কমেছে। তাই ঈদ নিয়ে দুশ্চিন্তায় ছিলাম। এখন প্রধানমন্ত্রী ঈদসামগ্রী পাঠিয়েছেন। কাশিয়ানী উপজেলার ফুকরা আশ্রয়ণ কেন্দ্রের বাসিন্দা নূপুর ও রাহাতুন বেগম বলেন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নতুন ঘর, ঈদপোশাক, নগদ টাকা ও ঈদসামগ্রীসহ একরে পর এক উপহার পাচ্ছি।

মুকসুদপুর উপজেলার খান্দারপাড় আশ্রয়ণ কেন্দ্রের বাসিন্দা বেল্লাল হোসেন মোল্লা বলেন, ঈদের সময় প্রধানমন্ত্রী আমাদের কথা মনে রেখেছেন। তিনি ঈদ উপহার পাঠিয়েছেন। এটি পেয়ে আমাদের আশ্রয়ণ কেন্দ্রের প্রতিটি পরিবারে ঈদের আনন্দ বিরাজ করছে। সেই সঙ্গে আমরাও প্রধানমন্ত্রীর দেখানো পথে আয়-রোজগার বাড়িয়ে আমাদের অবস্থার পরিবর্তন ঘটাতে চেষ্টা করে যাচ্ছি।