রাউজান (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের রাউজানে প্রতারণা ও চাঁদাবাজির দায়ে উপজেলা যুবলীগের সহসম্পাদক হাসান মুরাদ রাজুকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার বিকাল ৪টায় এ তথ্য নিশ্চিত করে রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন দৈনিক ইত্তেফাককে বলেন, গত রবিবার রাত ১১টার দিকে হলদিয়া ইউনিয়নের উত্তর সর্তা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সম্প্রতি রাউজানের সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীর নাম ভাঙিয়ে প্রতারণার অভিযোগে তার বিরুদ্ধে ডাবুয়া ইউনিয়নের বণিকপাড়া বিশু মহাজনের স্ত্রী শিল্পী মহাজন নামে এক ভুক্তভোগী মামলা করেন।
জানা যায়, রাজু হলদিয়া ইউনিয়নের উত্তর সর্তা গ্রামের ইয়ারের বাড়ির পির আবুল কালামের ছেলে। রাউজান উপজেলা যুবলীগের সহসম্পাদক ও হলদিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।
ওসি আবদুল্লাহ আল হারুন বলেন, হাসান মুরাদ রাজু ইয়াবা ব্যবসা, স্বর্ণ চোরাচালান, প্রতারণা ও চাঁদাবাজির সঙ্গে জড়িত। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালতে তার বিরুদ্ধে রিমান্ডের আবেদন করা হবে বলে জানান। তিনি আরো জানান, তার বিরুদ্ধে রাউজান থানায় একাধিক মামলা রয়েছে।