স্টাফ রিপোর্টার, রংপুর
সাবেক এক অতিরিক্ত সচিবকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ প্রদান করায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। সমিতির পক্ষ থেকে সভাপতি অধ্যাপক ফরিদ উল ইসলাম ও সাধারণ সম্পাদক তাবিউর রহমান প্রধান এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান।
গত ৫ মে শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে জামালপুরের বঙ্গমাতা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের পিআরএল ভোগরত অতিরিক্ত সচিব মোহাম্মদ আব্দুল মান্নানকে কোষাধ্যক্ষ পদে নিয়োগ প্রদান করে সরকার। এতে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির প্রতিবাদপত্রে বলা হয়, শিক্ষক ছাড়া এক জন সাবেক কর্মকর্তাকে কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগের ঘটনা পাবলিক বিশ্ববিদ্যালয় ধারণার সঙ্গে শুধু অসঙ্গতিপূর্ণ নয়, একই সঙ্গে তা বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনা পরিপন্থি এবং বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসনের ওপর নগ্ন হস্তক্ষেপ। এমন সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এই আদেশ প্রত্যাহার করে এক জন স্বনামধন্য শিক্ষককে ঐ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ পদে নিয়োগের দাবি জানান তারা।