ইত্তেফাক রিপোর্ট
রাজধানীর দয়াগঞ্জ বাজারে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে এক জেনারেটর মিস্ত্রি নিহত হয়েছেন। তার নাম মো. সোহেল। গতকাল দুপুরে একটি দোকানে কাজ করার সময় তিনি বিদ্যুত্স্পৃৃষ্ট হন। পরে সেখান থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিত্সক বিকালে মৃত ঘোষণা করেন। নিহত সোহেলের খালাতো ভাই রাহাত জানান, সোহেল পরিবারের সঙ্গে কে এম দাস লেনের একটি বাসায় ভাড়া থাকেন। এক ছেলে এক মেয়ের বাবা সোহেল। তার বাবার নাম মৃত জামির মিয়া। দয়াগঞ্জ বাজারের পাশে জেনারেটের একটি দোকানে কাজ করেন তিনি। ঐ এলাকায় জেনারেটরের মাধ্যমে বিদ্যুত্ সরবারহ করেন তারা।
তিনি আরো জানান, দুপুরে বাজারের পাশে একটি বিদ্যুতের খুঁটিতে চড়ে জেনারেটরের লাইন মেরামত করছিলেন সোহেল। এ সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে ঝুলে থাকেন তিনি। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদশর্ক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবিহিত করা হয়েছে।