মধুপুর উপজেলার আলোকদিয়া ইউনিয়নের দক্ষিণ লাউফুলা গ্রামবাসী সোমবার বিকালে জঙ্গল থেকে একটি নীলগাই আটক করে। এরপর বিরল এই প্রাণটি একনজর দেখার জন্য শত শত মানুষ ভিড় করে। পরে স্থানীয় প্রশাসন প্রাণীটিকে উদ্ধার করে বন বিভাগের জিম্মায় দেন। ঐ গ্রামের বাসিন্দা এবং পশু সম্পদ বিভাগের কৃত্রিম প্রজননকর্মী আব্দুস সালাম জানান, দুদিন ধরে নীলগাইটি আশপাশের জঙ্গল ও আনারস বাগানে বিক্ষিপ্তভাবে ঘুরে বেড়াচ্ছিল। গ্রামবাসী চঞ্চল স্বভাবের দ্রুতগামী প্রাণীটি দেখে অবাক হয়ে যান। ফাঁদ পেতে এটি ধরা হয়। একটি চক্র প্রাণীটিকে জবাই করার আয়োজন করেছিল।
মধুপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হারুনুর রশীদ জানান, ধরা পড়া প্রাণীটি নীলগাই নিশ্চিত হওয়ার পর প্রাণহানি রোধে স্থানীয় প্রশাসনকে দ্রুত অবহিত করেন। মধুপুর থানার ওসি তারেক কামাল জানান, খবর পেয়ে পুলিশ বনকর্মীদের নিয়ে সেখানে হাজির হয়।
মধুপুর বনাঞ্চলের সহকারী বনসংরক্ষক জামাল হোসেন তালুকদার জানান, বাংলাদেশে নীলগাই বিলুপ্ত হয়ে গেছে। এটি ভারতীয় নীলগাই। এক বছর আগে এটি সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করলে দিনাজপুর এলাকায় ধরা পড়ে। পরে গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্কে ছেড়ে দেওয়া হয়। এটি খুবই চঞ্চল স্বভাবের। গত ১০ ফেব্রুয়ারি সাফারি পার্কের দেওয়াল ডিঙিয়ে পালিয়ে যায়। সখীপুর গজারি বনে থাকার সময় সাফারি পার্কের সংশ্লিষ্ট কর্মীরা শান্তর চেষ্টা করে ব্যর্থ হন। প্রাণীটি এখন সুস্থ রয়েছে। গাজীপুর সাফারি পার্কের কর্মকর্তাদের খবর দেওয়া হয়েছে। তারা এলেই হস্তান্তর করা হবে। মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমীন বলেন, স্থানীয় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের জন্য বিরল প্রজাতির প্রাণীটি রক্ষা করা সম্ভব হয়েছে।