দেশে করোনা ভাইরাসের এক দিনের পরিসংখ্যানে মৃত্যু কমলেও বেড়েছে শনাক্ত রোগীর সংখ্যা। গত এক দিনে করোনায় ৩৮ জনের মৃত্যু হয়েছে; আর নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫১৪ জন। আগের দিন রবিবার করোনায় ৫৬ জনের মৃত্যু হয় এবং রোগী শনাক্ত হয় ১ হাজার ৩৮৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের নিয়ে দেশে মোট করোনা ভাইরাস শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৭ লাখ ৭৫ হাজার ২৭ জন হয়েছে। আর মৃতের মোট সংখ্যা বেড়ে হয়েছে ১১ হাজার ৯৭২ জন। আক্রান্তদের মধ্যে এক দিনে আরো ২ হাজার ১১৫ জন সুস্থ হয়ে উঠেছেন। তাদের নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ১২ হাজার ২৭৭ জন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৪৫৪টি ল্যাবে ১৬ হাজার ৮৪৮টি নমুনা পরীক্ষা করা হয়। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৮ দশমিক ৯৯ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭২ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ৯০ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৫৪ শতাংশ।
গত এক দিনে যারা মারা গেছেন, তাদের ২৫ জন পুরুষ আর নারী ১৩ জন। ২৬ জন সরকারি হাসপাতালে, ১০ জন বেসরকারি হাসপাতালে মারা যান আর বাসায় মারা গেছেন দুই জন। তাদের মধ্যে ২৫ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি, সাত জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, পাঁচ জনের বয়স ৪১ থেকে ৫০ বছর এবং এক জনের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে ছিল। মৃতদের মধ্যে ১৫ জন ঢাকা, ১১ জন চট্টগ্রাম, ছয় জন রাজশাহী, দুই জন বরিশাল, তিন জন সিলেট এবং এক জন রংপুর বিভাগের বাসিন্দা।