রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা মেরাজ উদ্দিন মোল্লা (৭৪) আর নেই। গত রবিবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, চার ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
গতকাল সোমবার দুপুর সোয়া ২টায় পবা উপজেলার নওহাটা হাইস্কুল মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এর আগে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। তাকে কাজীপাড়ার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজার নামাজের পূর্বে স্মৃতিচারণ করে বক্তব্য দেন রাসিক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ দারা, সংসদ সদস্য আয়েন উদ্দিন, স্বাধীনতা চিকিত্সক পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি ডা. তবিবুর রহমান শেখ, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. শামিল উদ্দিন আহমেদ শিমুল, সংরক্ষিত সংসদ সদস্য আদিবা আনজুম মিতা, রাজশাহীর জেলা প্রশাসক আব্দুল জলিল, জেলা পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, জনপ্রতিনিধি, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণিপেশার বিপুলসংখ্যক মানুষ।
চিকিত্সকরা জানান, মেরাজ উদ্দিন মোল্লা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। তবে সর্বশেষ পরীক্ষায় তার রিপোর্ট নেগেটিভ এসেছিল। রবিবার সারা দিন তার ব্লাড প্রেসার আপ-ডাউন করছিল বলে জানা যায়।
দলীয় ও পারিবারিক সূত্র জানায়, মেরাজ উদ্দিন মোল্লা স্বাধীনতা পরবর্তীকালে রাজশাহীর নওহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, দুই বার পবা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ২০০৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।