কোয়াডে যোগ দিলে ঢাকা-বেইজিং সম্পর্ক খারাপ হবে

বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত লি জিমিং গতকাল বলেছেন, যুক্তরাষ্ট্র, ভারত, অস্ট্রেলিয়া ও জাপানের সমন্বয়ে গঠিত সামরিক জোট ‘কোয়াড’এ যোগ দিলে ঢাকা-বেইজিং দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষতি হবে।

তিনি বলেন, চীন মনে করে কোয়াড একটি গ্রুপ এবং এটি চীনবিরোধী। আমি এটি পরিষ্কার করে বলতে চাই। কোয়াড নিজেকে অর্থনৈতিক কাজে সম্পৃক্ত বলে দাবি করে, কিন্তু এটি সত্যি নয়। মূলত কোয়াড করা হয়েছে চীনের বিরোধিতার জন্য। এই চার সদস্য বিশিষ্ট ক্লাবে যোগ দিলে এটি বাংলাদেশের জন্য ভালো হবে না। কারণ এর ফলে চীনের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে।

ডিপ্লোমেটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ডিকাব) সদস্যদের সঙ্গে ‘ডিকাব টক’ শীর্ষক ভার্চুয়াল অনুষ্ঠানে রাষ্ট্রদূত এ কথা বলেন। ডিকাব সভাপতি পান্থ রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক এ কে এম মঈনুদ্দিন। 

চীন থেকে ৫ লাখ টিকা আসবে কাল

চীনা রাষ্ট্রদূত জানান, চীনের উপহারের ৫ লাখ ডোজ করোনা ভাইরাসের টিকা কাল বুধবার ঢাকায় পৌঁছবে। তবে চীনের উত্পাদিত টিকা পেতে বাংলাদেশকে অপেক্ষা করতে হবে। লি জিমিং বলেন, টিকা নিয়ে দুই দেশের সরকারের মধ্যে আলোচনা চলছে এবং বাংলাদেশে টিকা পাঠানোর বিষয়টি চীন খুবই ইতিবাচকভাবে দেখছে। কিন্তু সমস্যা হল, বাংলাদেশ সরকার চীনের সিনোফার্মের টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে মাত্র এক সপ্তাহ আগে। এখন, টিকা পাওয়ার জন্য আন্তর্জাতিক বাজারে ক্রেতাদের দীর্ঘ চাহিদা তৈরি হয়েছে। আর স্বাভাবিকভাবেই বাংলাদেশ টিকার জন্য সেই চাহিদার সম্মুখভাগের খুব কাছাকাছি অবস্থানে নেই। সরকারি পর্যায়ে চীন থেকে কেনা টিকার প্রথম চালান হাতে পেতে আমাদের আরো কিছু সময় অপেক্ষা করতে হবে। বাণিজ্যিকভাবে বাংলাদেশের টিকা কেনার জন্য সর্বোচ্চ চেষ্টা চলছে। বেইজিংয়ের কর্মকর্তারা জানিয়েছেন এ বছরের প্রথমার্ধের পরপরই বাংলাদেশের জন্য টিকা হয়ত পাওয়া যেতে পারে। তবে উপহার হিসাবে ৫ লাখ ডোজ টিকার চালান ১২ মে বাংলাদেশে আসবে।

তিনি বলেন, টিকা উপহার দেওয়ার জন্য চীন যোগাযোগ করেছিল এ বছর ৩ ফেব্রুয়ারি। কিন্তু বাংলাদেশ সরকার টিকার জরুরি অনুমোদনের সময় নিয়েছে প্রায় তিন মাস। ফলে বাংলাদেশে টিকা বিক্রির সম্ভাবনা খতিয়ে দেখার বিষয়টি নানাভাবে বিঘ্নিত হয়েছে। আমি আশা করব, বাংলাদেশ সরকার এ ধরনের কাজে আরো উদ্যোগী হবে, বিশেষ করে মহামারির মতো বড় চ্যালেঞ্জের মোকাবিলা যখন আমাদের করতে হচ্ছে।